সাপ্লিমেন্টারি তালিকা থেকেও বাদ মতুয়াদের একাংশের নাম
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: চূড়ান্ত ভোটার তালিকার পর এবার সাপ্লিমেন্টারি তালিকা থেকেও বাদ মতুয়াদের একাংশের নাম। এবার কী হবে, তা নিয়ে চিন্তায় তাঁরা। সম্প্রতি যে সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে, তাতে কয়েক হাজার হাজার মতুয়ার নাম কাটা গিয়েছে। মতুয়াগড় বাগদায় এই সংখ্যা অনেকটাই বেশি বলে সূত্র মারফত জানা গিয়েছে। বাগদা বিধানসভা কেন্দ্রে এসআইআরে ১৫ হাজার ৩০৩ জনের নাম ভোটার তালিকা থেকে বাদ গিয়েছিল। বিচারাধীন ছিলেন ১৩ হাজারের বেশি। সাপ্লিমেন্টারি তালিকায় মাত্র ১ হাজার ৯৯৩ জনের নাম উঠেছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।
বাগদার হেলেঞ্চা গ্রাম পঞ্চায়েতের মণ্ডপঘাটায় ১২৭ নম্বর পার্টে ৪৭ জন ভোটার বিচারাধীন ছিলেন। জানা গিয়েছে, সাপ্লিমেন্টারি তালিকায় তাঁদের সকলের নামই বাদ গিয়েছে। আশুতোষ বিশ্বাসের ছেলের নাম আগেই বাদ গিয়েছিল। তাঁর নাম বিচারাধীন ছিল তালিকায়। কিন্তু সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই দেখেন, তাঁর নামও তালিকা থেকে বাদ গিয়েছে। তিনি জানান, মতুয়া হিসাবে ঠাকুরবাড়িতে তাঁর রেজিস্ট্রেশন রয়েছে। সরকারি ঘর পেয়েছেন, তারপরও কী করে তালিকা থেকে নাম বাদ হয়ে গেল? এই প্রশ্নই তুলেছেন আশুতোষবাবু। মণ্ডপঘাটার বাসিন্দা মতি সাধকের বাড়িতে ছ’জন রয়েছেন। তাঁদের মধ্যে আগেই পাঁচজনের নাম বাদ গিয়েছেল। মতি সাধক ছিলেন বিচারাধীন। সোমবার গভীর রাতে সাপ্লিমেন্টারি তালিকা বেরতেই তিনি দেখেন, তাঁর নামও বাদ পড়েছে। এত বছর ধরে ভোট দিলেও এবার বাড়ির কারও নামই নেই, স্বভাবতই চিন্তায় পড়েছেন তিনি।
তৃণমূল নেতৃত্বের দাবি, বিজেপি রোহিঙ্গাদের নাম বাদ দেওয়ার বাহানা তুলে মতুয়াদের নামই বাদ দিয়ে দিয়েছে। এবিষয়ে বিজেপির বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতি বিকাশ ঘোষ বলেন, বাদ যাওয়া প্রতিটি বৈধ ভোটারের নাম উঠবে। এটা নিয়ে চিন্তার কিছু নেই।