• তৃণমূল প্রার্থীকে বরণ মহিলাদের, ভোটারদের দুয়ারে সিপিএম প্রার্থী
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা: ভোটারদের কাছে কে বেশি আপন, সেই লক্ষ্য নিয়ে সোনারপুর উত্তরে প্রচারে ঝড় তুললেন তৃণমূল কংগ্রেস ও বাম প্রার্থীরা। কোনো প্রার্থীকে বরণ করে নিলেন এলাকার মহিলারা। কেউ একেবারে বাড়ির চৌকাঠে গিয়ে খোঁজ নিলেন ভোটারদের।

    আগেই ঠিক ছিল বুধবার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে প্রচার করবেন তৃণমূল প্রার্থী ফিরদৌসি বেগম। সেই মতো সেখানে পৌঁছতেই মহিলা ব্রিগেড তাঁকে বরণ করে নেন। ধান-দুর্বা ও চন্দনের ফোঁটা দিয়ে অভ্যর্থনা জানানো হয় প্রার্থীকে। দেওয়া হয় শরবত ও মিষ্টি। এই ওয়ার্ডে গত লোকসভা নির্বাচনে ১১৭ ভোটে পিছিয়ে ছিল তৃণমূল কংগ্রেস। তাই আসন্ন বিধানসভা ভোটে এখান থেকে যাতে লিড পায়ে দল, তার জন্য একপ্রকার ঝাঁপিয়ে পড়েছেন তৃণমূলের দুইবারের বিধায়ক। সঙ্গে ছিলেন কাউন্সিলার পিন্টু দেবনাথ। এদিন মূলত পূর্ব ও মধ্য বালিয়া এলাকায় প্রচার সারেন ফিরদৌসি। রাস্তা দিয়ে যাতায়াতের সময় একাধিক বৃদ্ধা ভোটারকে প্রণামও করেন তিনি। আবাসনের ব্যালকনিতে দাঁড়িয়ে থাকা ভোটারদের হাত নেড়ে সমর্থন চাই বলে আবেদন জানান। প্রচারে এদিন মহিলাদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। কিছু কিছু বাড়িতে বয়স্ক মহিলারা জড়িয়ে ধরেন প্রার্থীকে। ফিরদৌসির কথায়, ভালো সাড়া মিলেছে। মানুষ তৃণমূলকে ভোট দিয়ে জেতানোর জন্য তৈরি।

    এদিকে সিপিএমের প্রার্থী মোনালিসা সিনহা এদিন খেয়াদহ এক নম্বর পঞ্চায়েত এলাকার হরপুরে বাড়ি বাড়ি গিয়ে প্রচার করেন। স্থানীয় সিপিএম নেতৃত্বকে নিয়ে আদিবাসী অধ্যুষিত এই অঞ্চলে প্রতিটি বাড়িতে যান তিনি। খেটে খাওয়া মানুষের পাশাপাশি মহিলাদের দেখে এগিয়ে যান তিনি। তাঁদের ভালো-মন্দের খোঁজখবর করার পাশাপাশি একাধিক ভোটারের বাড়ির দুয়ারে গিয়ে তাঁদের সঙ্গে বার্তালাপ করেন বাম প্রার্থী। প্রচার শেষে মোনালিসাদেবী বলেন, এবার সোনারপুর উত্তর বামেদের হবে। এলাকার অনুন্নয়ন নিয়ে মানুষ বিরক্ত।
  • Link to this news (বর্তমান)