• বসিরহাটে নিরাপত্তার কড়াকড়ি, পরিদর্শনে ডিএম-পুলিশ সুপার
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, বারাসত: ভোটের আগে বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা আঁটসাঁট করতে জোরদার পদক্ষেপ করল উত্তর ২৪ পরগনা জেলা প্রশাসন। বাংলাদেশ লাগোয়া বিস্তীর্ণ এই জেলার একাধিক এলাকাকে ‘সেনসেটিভ’ হিসেবে চিহ্নিত করে বিশেষ নজরদারি শুরু হয়েছে। স্বরূপনগর, হাসনাবাদ ও বাদুড়িয়া থেকে হিঙ্গলগঞ্জ পর্যন্ত এলাকায় ইতিমধ্যেই পুলিশের বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। দিনরাত টহল বৃদ্ধির পাশাপাশি প্রযুক্তিনির্ভর নজরদারিতেও জোর দিচ্ছে প্রশাসন।

    জানা গিয়েছে, গুরুত্বপূর্ণ পয়েন্টগুলিতে বসানো হয়েছে নাইট ভিশন ক্যামেরা। যাতে অন্ধকারের সুযোগ নিয়ে অবৈধ অনুপ্রবেশ বা পাচার রুখে দেওয়া যায়। এছাড়া জেলাজুড়ে প্রায় ২০টি নাকা পয়েন্ট তৈরি করা হয়েছে। শুধু স্থলপথ নয়। বিশেষ নজর দেওয়া হচ্ছে জলপথেও। এবার ড্রোন ক্যামেরার মাধ্যমে আকাশপথ থেকেও নজরদারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ড্রোনের সাহায্যে দুর্গম এলাকাগুলিও সহজে পর্যবেক্ষণ করা সম্ভব হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

    এদিকে, ১৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর টহলও ইতিমধ্যেই শুরু হয়েছে সীমান্ত এলাকায়। পরিস্থিতি খতিয়ে দেখতে ইতিমধ্যেই এলাকায় পরিদর্শনে গিয়েছেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক শিল্পা চৌরাসিয়া। তাঁর সঙ্গে ছিলেন বসিরহাট পুলিশ জেলার সুপার অলকানন্দা ভাওয়াল, অতিরিক্ত জেলাশাসক নকুলচন্দ্র মাহাত সহ প্রশাসনের শীর্ষকর্তারা। এনিয়ে জেলাশাসক শিল্পা চৌরাসিয়া বলেন, নির্বাচন কমিশনের গাইডলাইন মেনে এলাকা পরিদর্শন হয়েছে। 

    মানুষ যাতে নির্ভয়ে ভোট দিতে পারে তার ব্যবস্থা হচ্ছে। সব বুথেই থাকবে ওয়েব কাস্টিং। ভোটের ২-৩ দিন আগে ট্রায়াল হবে। এদিকে পুলিশ সুপার অলকানন্দা ভাওয়াল বলেন, সব নাকা পয়েন্টে ক্যামেরা বসানো হয়েছ। নাইট ভিশন ক্যামেরা থেকে ড্রোন থাকছে সুরক্ষায়। আমি নিজে চেকিং করেছি। টেকনিক্যাল সাপোর্ট নির্বাচন কমিশনের নির্দেশ মতো আছে।
  • Link to this news (বর্তমান)