নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাসন্তী, অন্নপূর্ণা ও রামনবমীর পুজো ঘিরে রীতিমতো চাঙ্গা কলকাতার ফুলবাজার। তিন পুজোর প্রয়োজনে প্রায় ২৫ কোটি টাকার ফুল শহরের পাইকারি বাজারে এসেছে। তবে ফুলের দাম কমেনি বলে খুচরো ব্যবসায়ীদের দাবি। একই দাবি ক্রেতাদের।
বুধবার শহরের খুচরো দোকানগুলিতে ফুলের দাম ছিল অন্যদিনের তুলনায় চড়া। বড়ো রজনীগন্ধা মালার দাম ছিল ১০০‑১২০ টাকা। বড়ো গাঁদার মালা ৩৫ থেকে ৪০ টাকা। মাঝারি ও ছোটো রজনী এবং গাঁদার মালা ৫০ থেকে ১০ টাকা। অপরাজিতা মালার দাম ৫০‑৮০ টাকা। বেলপাতা, তুলসী, দুর্বা, আমশাখা দিয়ে কুচো ফুল বিক্রি হয়েছে ২০ টাকায়। বৃহস্পতিবার লক্ষ্মীবার। ফলে কুচোফুলের চাহিদা বেশি থাকবে। শহরের কয়েকজন ফুল ব্যবসায়ী বলেন, ‘পাইকারি বাজারে ফুলের দাম বেশি থাকার কারণে আমাদের মতো ছোট ব্যবসায়ীদের বাধ্য হয়ে বেশি দামে ফুল বিক্রি করতে হচ্ছে।’ কলকাতার পাইকারি ফুল বাজারের কয়েকজন ফুলচাষি বলেন, ‘তিনটি পুজো একসঙ্গে পড়ার কারণে ফুলের দাম বেড়েছে।’ ব্যবসায়ীদের বক্তব্য,
‘বাংলা নববর্ষ পর্যন্ত বাজার ভালো থাকবে।’ সারা বাংলা ফুলচাষি ও ফুল ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক নারায়ণচন্দ্র নায়েক বলেন, ‘তিন পুজোর জন্য ফুলের চাহিদা বেড়েছে। বুধবার থেকে শুরু হয়েছে বাসন্তী পুজো। বৃহস্পতিবার মহা অষ্টমী। রয়েছে অন্নপূর্ণা পুজো। দুই পুজোতেই দরকার পদ্মফুল। ফলে পদ্মের চাহিদা রয়েছে তুঙ্গে।’ বুধবার খুচরো ফুল বাজারে প্রতি পিস পদ্মের দাম ছিল ৪০ থেকে ৫০ টাকা।