• বিদ্যাসাগর হাসপাতালের উন্নয়ন, প্রতিশ্রুতি ঘাসফুলের প্রার্থী রত্নার
    বর্তমান | ২৬ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘বেহালার মানুষের স্বাস্থ্য পরিষেবা বেহাল।’ এই ইস্যু তুলে ভোটে প্রচার চালাচ্ছে বামেরা। অভিযোগ, বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের অবস্থা ভালো নয়। চিকিৎসার জন্য আধুনিক মেশিন নেই। চিকিৎসকের সংখ্যাও কম। পরিষেবার হাল ঠিক নয়। ফলে খুব প্রয়োজন না পড়লে সাধারণত বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতাল যান না বেহালার বাসিন্দারা। এবার এই হাসপাতালের সুনাম ফিরিয়ে আনতে অঙ্গীকার করলেন বেহালা পশ্চিমের তৃণমূল প্রার্থী রত্না চট্টোপাধ্যায়। বুধবার প্রচারে বেরিয়ে স্থানীয় ভোটারদের 

    কাছে হাসপাতালের হাল ফেরানোর প্রতিশ্রুতি দেন। বলেন, ‘জিতে বিধায়ক হওয়ার পর সর্বপ্রথম কাজ হবে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালের সার্বিক উন্নয়ন। চিকিৎসার ও পরিষেবার হাল ফেরাবই।’

    বুধবার বিকেলে বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্রের ১৩২ নম্বর ওয়ার্ডে প্রচারে যান রত্নাদেবী। পর্ণশ্রীতে বিভিন্ন এলাকায় গিয়ে বাড়ি বাড়ি ঘুরে জনসংযোগে সারেন। সেখানেই বিদ্যাসাগর হাসপাতালের মানোন্নয়নের প্রতিশ্রুতি দেন। পাশাপাশি এই এলাকায় বর্ষায় জল জমার সমস্যা সমাধানের প্রতিশ্রুতিও দেন তিনি। বলেন ‘বেহালা পশ্চিম বিধানসভা এলাকার ভিতরের অংশে জল জমার সমস্যা আছে। সেখানে বুস্টার পাম্পিং স্টেশন তৈরির প্রয়োজন। বিধায়ক হওয়ার পর এই কাজটি রয়েছে পরিকল্পনার মধ্যে। বেহালার পূর্বের বিধায়ক ছিলাম। তাই পশ্চিমে খুব একটা আসা হত না। ফলে এই এলাকার সমস্যা সম্পর্কে খুব একটা অবহিত নই। কাউন্সিলারদের সঙ্গে বৈঠক করছি। কোন রাস্তা কোথায় যায়, সেখানে কী কী সমস্যা প্রচারের মধ্যেই এইসব গুরুত্বপূর্ণ তথ্য সংগ্রহ করছি।’

    কেন্দ্র নতুন। তাই জোরকদমে প্রচার চালাচ্ছেন তৃণমূল প্রার্থী। এর পাশাপাশি লাগাতার প্রচার চালাচ্ছেন সিপিএম প্রার্থী নীহার ভক্ত। তিনি গতবারও এই কেন্দ্র থেকে লড়েছিলেন। এবার প্রতিটি ওয়ার্ডে গিয়ে বাড়ি বাড়ি জনসংযোগ করছেন। পাশাপাশি ছোটো আকারের সমাবেশ করছেন। এই এলাকার ভোটারদের বক্তব্য, বেহালা পশ্চিমে দেখা মিলছে না বিজেপির। খুব কমই প্রচারে বের হচ্ছেন বিজেপির যুবনেতা প্রার্থী ডাঃ ইন্দ্রনীল খাঁ। তৃণমূল ও সিপিএমকে প্রচার করতে দেখা গেলেও গেরুয়া শিবিরের প্রচার তেমনভাবে দেখা যাচ্ছে না। 

    অন্যদিকে বেহালা পূর্ব কেন্দ্রের বিজেপি প্রার্থী সুনীল মহারাজকে ‘ডুমুরের ফুল’ বলছেন ভোটাররা। ভোট ঘোষণার পর হাতে গুনে দু’দিন মাত্র দেখা গিয়েছে তাঁকে। দেওয়াল লিখনে গেরুয়া দল কোনো ছাপ রাখতে পারেনি। জানা গিয়েছে, বেহালা পূর্ব কেন্দ্রে দেওয়াল দখলের লড়াইয়ে অনীহা রয়েছে বিজেপির স্থানীয় কর্মীদের। তৃণমূলের দাবি, সুনীল মহারাজকে প্রার্থী করে তাদের সুবিধা করে দিয়েছে বিজেপি। তাঁকে এলাকাবাসীরা কেউ চেনেন না। ধর্মীয় মেরুকরণের রাজনীতি বেহালায় কোনোভাবেই খাটবে না।
  • Link to this news (বর্তমান)