ভাঙড় থানার অন্তর্গত চন্ডিপুর এলাকায় একটি চিপস কারখানায় হঠাৎ আগুন লাগল বৃহস্পতিবার সকালে। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় ওই এলাকায়। সময় দমকল বাহিনী এসে দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনে। এর জেরে বড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া সম্ভব হয়েছে। এই ঘটনায় কেউ হতাহত হননি বলেও জানা গিয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রতিদিনের মতো সকালে কারখানায় কাজে আসেন শ্রমিকরা। তখন তাঁরা কারখানার ভিতর থেকে ধোঁয়া এবং আগুনের শিখা দেখতে পান। সঙ্গে সঙ্গে বিষয়টি জানানো হয় ভাঙড় থানায়। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশ। কিছুক্ষণের মধ্যেই দমকলের একটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীদের তৎপরতায় দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রাথমিক ভাবে অনুমান করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। যদিও সঠিক কারণ জানতে ঘটনার তদন্ত শুরু করেছে ভাঙড় থানার পুলিশ। এই ঘটনায় কোনও হতাহত বা আহতের খবর পাওয়া যায়নি, তবে বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে বলে মনে করছেন স্থানীয়রা।
এ বছর জানয়ারি মাসেই আনন্দপুরের নাজিরাবাদের গুদামে আগুন লাগে। ডেকরেটিং সংস্থার গুগামে লাগা আগুন পরে ছড়িয়ে পড়ে মোমো কোম্পানির গুদামেও। আগুনের জেরে পুড়ে খাক হয়ে যায় দুই গুদামই। এই ঘটনায় প্রায় ২৫ জনের মৃত্যুর খবর মিলেছিল।