মিল্টন সেন, হুগলি: নির্বাচন আবহেই পালিত হবে রাম নবমী। পরিস্থিতি স্বাভাবিক রাখতে নেওয়া হয়েছে বাড়তি ব্যবস্থা। থাকছে কেন্দ্রীয় বাহিনী। বাড়তি সতর্কতা চন্দননগর পুলিশের।
রাজ্যে রয়েছে হাইভোল্টেজ নির্বাচনের আবহ। তার মাঝেই ২৬ মার্চ বৃহস্পতিবার রাম নবমী। বেরোবে শোভাযাত্রা। পরিস্থিতি স্বাভাবিক রাখতে উদ্যোগী চন্দননগর কমিশনারেট। নেওয়া হয়েছে একাধিক বাড়তি সতর্কতা। চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায় ডানকুনি, রিষড়া, চাঁপদানী, ভদ্রেশ্বর, চন্দননগর সহ চুঁচুড়ায় বেশ বড় আকারে পালিত হয় রাম নবমী উৎসব। তাই বিশেষ এই জায়গাগুলিকে কেন্দ্র করে বিশেষ সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
এই প্রসঙ্গে পুলিশ কমিশনার সুনীল কুমার যাদব বলেছেন, পূর্বের ঘটনা থেকে শিক্ষা নিয়ে প্রস্তুত কমিশনারেট। এই বছর প্রায় ২৩০টি মিছিল বের হবে চন্দননগর পুলিশ কমিশনারেট এলাকায়। প্রতি মিছিলে ৫০০ জন অংশ নিতে পারবে। হাইকোর্টের নির্দেশ মেনে মিছিলে কোনওপ্রকার অস্ত্র ব্যবহার করা যাবে না। তবে প্রতীকি অস্ত্র ব্যবহার করা যেতে পারে। তবে সেটাও প্লাস্টিকের বা কাঠের হতে হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে ২৯ ও ৩০ মার্চ, দুই দিনে করা হবে রাম নবমীর মিছিল।
এটা ঘটনা, রাম নবনী উপলক্ষে হাওড়া, চন্দননগর ও ইসলামপুরে বাড়তি নজরদারি থাকছে। পরিস্থিতি সামাল দিতে রাজ্যজুড়ে ৩ হাজার পুলিশ মোতায়েন থাকবে। নজরদারি চালাবে সাইবার টিমও।