বিচারাধীন ৩২ লক্ষ ভোটারের নাম নিষ্পত্তি, 'ডিলিটেড' ৪০%
আজ তক | ২৬ মার্চ ২০২৬
রাজ্যে SIR নিয়ে বড়সড় আপডেট। এখন চলছে বিবেচনাধীন বা অ্যাডজুডিকেশন অবস্থায় থাকা ব্যক্তিদের নথির পরীক্ষা। মোট বিচারাধীন তালিকায় ছিল ৬০ লক্ষ ভোটার। এরমধ্যে বুধবার সন্ধ্যে পর্যন্ত নিষ্পত্তি করা হয়েছে প্রায় ৩২ লক্ষ ভোটারের নাম। কমিশন সূত্রে খবর, সেই ৩২ লক্ষের মধ্যে প্রায় ৪০ শতাংশ নাম 'ডিলিট' করা হয়েছে। অর্থাৎ ওই ব্যক্তিদের নথিতে সন্তুষ্ট হতে পারেননি বিচারবিভাগীয় অফিসাররা। সংখ্যার বিচারে এখন পর্যন্ত এমন মানুষের সংখ্যা প্রায় ১২.৮ লক্ষ।
যদিও নাম বাদ গেলেও ভয়ের কিছু নেই। কারণ, ইতিমধ্যেই সুপ্রিম কোর্টের নির্দেশে রাজ্যে গঠন করা হয়েছে ট্রাইবুনাল। সেই ট্রাইবুনালে অভিযোগ জানিয়ে আবেদন করা যাবে। এক্ষেত্রে কমিশনের ওয়েবসাইট বা ডিএম, এডিএম এবং বিডিও অফিসে গিয়ে করতে হবে আবেদন। অনলাইনে ECI.Net- এ গিয়ে ওয়েবসাইটে গিয়েও আবেদন করতে পারেন। আর যাঁরা সেভাবে চাইছেন না তাঁরা অফলাইনে জেলাশাসক, অতিরিক্ত জেলাশাসক এবং মহকুমাশাসকের কাছে গিয়ে আবেদন করুন।
অর্থাৎ অনলাইন ও অফলাই উভয় পদ্ধতিতেই আবেদন করা যাবে। আবেদন প্রক্রিয়া সম্পন্ন হলে এরপর শুরু হবে শুনানি। যদিও এই সব ভোটাররা ২০২৬-এ ভোট দিতে পারবেন কি না, সেই নিয়ে নিশ্চিত করে কিছুই জানা যায়নি।
উল্লেখ্য, কমিশনের পক্ষ থেকে যতদূর খবর, প্রতিদিন প্রায় ২ লক্ষ নামের নিষ্পত্তি হচ্ছে। ইতিমধ্যেই প্রায় ৩২ লক্ষের ডকুমেন্টস ভ্যারিফিকেশন হয়ে গিয়েছে। আর বাকি থাকা নামের নিষ্পত্তিও দ্রুত করে দেওয়া হবে। তারপর প্রতি সপ্তাহেই এমন একটা করে লিস্ট প্রকাশ করা হবে।