• পুরীর জগন্নাথ মন্দিরের উপর ড্রোন উড়িয়ে 'কায়দাবাজি', পাকড়াও হুগলির দুই বাসিন্দা
    আজ তক | ২৬ মার্চ ২০২৬
  • পুরীর মন্দিরের উপর ড্রোন উড়িয়ে আটক এই রাজ্যের হুগলির দুই বাসিন্দা। বুধবার এই ঘটনায় ৯০০ বছরের পুরনো জগন্নাথ মন্দির চত্বরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
    ওড়িশা পুলিশ সূত্রে খবর, বুধবার দুপুরে আচমকা দেখা যায় মন্দিরে নীলা চক্রের কাছে একটি ড্রোন দীর্ঘক্ষণ ধরে ঘোরাফেরা করছে। বিষয়টি বেশ কয়েকজন ব্যক্তির নজরে আসতেই, তাঁরা সিংহ দ্বারে থাকা পুলিশকে গোটা ব্যাপার জানান। ড্রোন দেখতে পেয়েই তড়িঘড়ি অ্যাকশনে নামে পুলিশ।

    নিজেদের ড্রোন ব্যবহার করে পুলিশ সন্দেহভাজন ড্রোনটিকে নিষ্ক্রিয় করে। সেটি ট্রেস করে দেখা যায়, মন্দির থেকে ৫০০ মিটার দূরে  মাটি মাণ্ডিপ সাহি নামে একটি বিল্ডিং থেকে ওই ড্রোন ওড়ানো হচ্ছিল। তৎক্ষণাৎ সেখানে হানা দিয়ে দু'জনকে আটক করে পুলিশ। ধৃত ২ জন পশ্চিমবঙ্গের হুগলি জেলার বাসিন্দা।

    পুরীর এসপি প্রতীক সিং সাংবাদিকদের বলেন, "আমরা দু'জনকে আটক করে তাঁদের বিরুদ্ধে এয়ারক্রাফ্ট অ্যাক্টের আওতায় মামলা দায়ের করেছি। ড্রোন, রিমোট ও একটি মোবাইল বাজেয়াপ্ত করা হয়েছে। আমরা সেগুলিকে ফরেন্সিকে পরবর্তী তদন্তের জন্য পাঠাব।"

    উল্লেখ্য, বুধবার দুপুর ১২ টা থেকে পুরীর রত্ন ভাণ্ডারের ধনরত্নের তালিকা তৈরির কাজ শুরু করা হয়েছে। এদিন দুপুর ১২টা ৯ মিনিট থেকে দুপুর ১টা ৪০ মিনিটের মধ্যে গণনা হয়। পুরীর মন্দিরের ঐতিহ্য অনুসারে, গয়না গণনা হয়। এর আগের গণনা হয়েছিল ১৯৭৮ সালে। ৪৮ বছর পর তার পুনরাবৃত্তি হচ্ছে। ফলে তারই মাঝে এই ড্রোন ওড়ানোর ঘটনায় পুরীতে চাঞ্চল্য ছড়িয়েছে। ভক্তরাও প্রাথমিক ভাবে আতঙ্কিত হয়ে পড়েন। যদিও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়।
  • Link to this news (আজ তক)