• তৃণমূলে যোগদানের ‘শাস্তি’! সদ্য দলবদল করা নেতার উপর রড দিয়ে হামলা বিজেপির, থানায় বিক্ষোভ
    প্রতিদিন | ২৬ মার্চ ২০২৬
  • সম্প্রতি বিজেপি ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছিলেন রণবীর দোলুই নামে এক কর্মী। সেই রাগে বুধবার রণবীরের বাড়িতে ঘুকে তাঁর উপর রড দিয়ে হামলা চালানোর অভিযোগ উঠেছে বিজেপি কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে রাতেই বালি থানায় বিক্ষোভ দেখান ওই বিধানসভা কেন্দ্রেরই তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মারধরের ঘটনায় এখনও পর্যন্ত দুইজনকে আটক করা হয়েছে।

    জানা গিয়েছে, দীর্ঘ ১৫ বছর ধরে বিজেপি করতেন রণবীর। কয়েকদিন আগে একটি জনসভায় তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্রের হাত ধরে তিনি তৃণমূলে যোগদান করেন। এরপর থেকে সোশ্যাল মিডিয়ায় তাঁর বিরুদ্ধে একাধিক বিতর্কিত মন্তব্য করা হয়েছে বলে অভিযোগ। বুধবার বালিতে বিজেপি প্রার্থী সঞ্জয় সিংয়ের নেতৃত্বে একটি প্রচার মিছিলের আয়োজন করা হয়। তাঁর সঙ্গে ছিলেন পদ্ম শিবিরের এক ঝাঁক নেতা-কর্মী। অভিযোগ, নবীন সংঘ মাঠের কাছে রণবীর দোলুইয়ের বাড়ির সামনে দিয়ে মিছিলটি যাওয়ার সময় রণবীরের মায়ের উদ্দেশে গালিগালাজ করতে থাকেন বিজেপি কর্মীরা। এর প্রতিবাদ করেন রণবীর। এরপরই বাড়িতে ঢুকে তাঁর উপর রড দিয়ে হামলা চালান অভিযুক্তরা। মারধরের জেরে হাতে গুরুতর চোট পান ওই তৃণমূল কর্মী।

    এই ঘটনার প্রতিবাদে রবিবার রাতে কর্মী-সমর্থকদের নিয়ে বালি থানায় বিক্ষোভ দেখান বালি বিধানসভার তৃণমূল প্রার্থী কৈলাশ মিশ্র। অভিযুক্তদের বৃহস্পতিবার রাতের মধ্যে গ্রেপ্তার করার দাবিতে থানাতেই অবস্থান শুরু করেন তিনি। পরে পুলিশি আশ্বাসে অবস্থান ওঠে। পুলিশ জানিয়েছে, মারধরের ঘটনায় দুইজনকে আটক করা হয়েছে।
  • Link to this news (প্রতিদিন)