মার্চ প্রায় শেষ, মানে একটা অর্থবর্ষ শেষ হলো। এই সময়টা কাজের চাপ থাকে সকলেরই। তার সঙ্গে সন্তানদের পরীক্ষা, অফিসের প্রেশার সব মিলিয়ে ক্লান্ত হয়ে পড়েছেন? দু’দিন কোথাও ঘুরতে যাওয়ার পরিকল্পনা করছেন? কোথায় যাবেন, সেটা ঠিক করতে পারছেন না? পাহাড়ের নির্জনতা, কুয়াশা আর সবুজের মাঝে হারিয়ে যেতে চাইলে, কালিম্পংয়ের কাছেই রয়েছে ছোট্ট অফবিট গ্রাম কুমাই। Kalimpong থেকে খুব বেশি দূরে নয়, অথচ পর্যটকদের ভিড় থেকে অনেকটাই মুক্ত এই জায়গা, কেন হয়ে উঠতে পারে আপনার আদর্শ উইকেন্ড ডেস্টিনেশন?
কলকাতা থেকে প্রথমে ট্রেনে, বাসে বা বিমানে পৌঁছে যান New Jalpaiguri (NJP) বা Bagdogra Airport। সেখান থেকে গাড়ি ভাড়া করে কালিম্পং হয়ে কুমাই পৌঁছাতে সময় লাগে প্রায় ৩-৪ ঘণ্টা। রাস্তার দু’পাশে চা বাগান আর পাহাড়ি দৃশ্য দেখলেই মন ফুরফুরে হয়ে যায়।
কুমাইয়ের মূল আকর্ষণ প্রাকৃতিক সৌন্দর্য। আকাশ পরিষ্কার থাকলে মেলে কাঞ্চনজঙ্ঘার অপূর্ব ভিউ। আশেপাশে রয়েছে ঘন জঙ্গল, ছোট ছোট গ্রাম আর পাহাড়ি ঝরনা। কাছেই মূর্তি নদী, দুপুরবেলা খাওয়াদাওয়া সেরে নদীর চড়ে হেঁটে বেড়াতে বেশ লাগে।
কুমাই চা-বাগান এখানকার বড় আকর্ষণ। তার জন্য পৌঁছোতে হবে আপার কুমাই। কুমাই ভিউ পয়েন্ট থেকে দেখা যায় ভুটানঘাটের পাহাড়। চোখে পড়ে ডুয়ার্সের মায়াবি আরণ্যক রূপ।
কুমাইয়ের সবচেয়ে বড় আকর্ষণ তার শান্ত পরিবেশ ও অপরূপ দৃশ্য। শহরের কোলাহল থেকে দূরে এখানে রয়েছে নিখাদ শান্তি। হোম স্টে চল এখানে বেশ জনপ্রিয়, ফলে স্থানীয় খাবার আর আতিথেয়তাও উপভোগ করতে পারবেন।
ভিড় এড়িয়ে প্রকৃতির মাঝে কিছুটা নির্জন সময় কাটাতে চাইলে, কুমাই আপনার জন্য পারফেক্ট। এটি বাজেট-ফ্রেন্ডলি এবং খুব কম সময়ে ঘুরে আসা যায়—উইকেন্ড ট্রিপের জন্য একেবারে আদর্শ।
রাতের ট্রেনে কলকাতা থেকে NJP পৌঁছে সকালে গাড়িতে কুমাই রওনা দিন। বিকেলে হোম স্টেতে চেক-ইন করে আশপাশে হাঁটাহাঁটি করে ঘুরে দেখুন ও সূর্যাস্ত উপভোগ করুন।
ভোরে উঠে কাঞ্চনজঙ্ঘায় সূর্যোদয় দেখুন। এরপর ছোট ট্রেকিং বা গ্রাম ভিজিটে বেরিয়ে পড়ুন। অথবা করে আসুন সাইট সিন।
সকালে প্রাতঃরাশ করে NJP বা বাগডোগরা ফিরে আসুন। সেখান থেকে কলকাতার উদ্দেশ্যে রওনা দিন। ছোট্ট সময়, কম খরচ আর অফবিট অভিজ্ঞতা— সব মিলিয়ে কুমাই আপনার পরবর্তী ট্রাভেল ডেস্টিনেশনে রাখতেই পারেন।