• শুক্রবার থেকেই ঘুরবে হাওয়া, তুমুল ঝড়বৃষ্টি কলকাতা-সহ জেলায় জেলায়
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • গত দু’দিন ধরে দিনে বিচ্ছিরি গরম, বিকেলের পরে মোটের উপরে মনোরম আবহাওয়া। তবে শুক্রবার থেকে ফের রাজ্যে ঝড়বৃষ্টির পূর্বাভাস (Weather Update) দিয়েছে আবহাওয়া দপ্তর। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি, কালবৈশাখী, শিলাবৃষ্টি— পূর্বাভাস রয়েছে সব কিছুরই।

    শুক্রবার পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর ও পশ্চিম বর্ধমানে বৃষ্টির সঙ্গে বইবে দমকা হাওয়া। ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে হাওয়া বইতে পারে। হতে পারে শিলাবৃষ্টিও। কলকাতা-সহ অন্যান্য জেলায় ৪০-৫০ কিলোমিটার বেগে দমকা হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

    শনিবার ও রবিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলায় ঝড়বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, মুর্শিদাবাদে ঝড়বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। ৩০ থেকে ৫০ কিলোমিটার বেগে প্রতি ঘণ্টায় বইতে পারে হাওয়া।

    বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ২৫.৮ ডিগ্রি সেলসিয়াস। বুধবার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩২.৪ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা ৫১ থেকে ৯৩ শতাংশের মধ্যে রয়েছে। আগামী ২৪ ঘণ্টায় তাপমাত্রা আরও কিছুটা বাড়তে পারে।

    কলকাতায় আজ আকাশ মূলত পরিষ্কার থাকলেও দিনের তাপমাত্রা বাড়বে। শুক্রবার বিকেলের দিকে আবহাওয়ার পরিবর্তন হবে। শুক্রবার থেকে রবিবার পর্যন্ত শহরে ঝড়বৃষ্টি চললেও শনিবার দুর্যোগের সম্ভাবনা বেশি।

    ঝড়বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার বেগে বইতে পারে হাওয়া। দার্জিলিং ও কালিম্পংয়ে শিলাবৃষ্টির সতর্কতা জারি হয়েছে। কিছু এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদাতেও ৪০-৫০ কিমি গতিতে ঝড়-বৃষ্টির আশঙ্কা ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।

    শনিবার ও রবিবার উত্তরবঙ্গে ঝড়-বৃষ্টি চললেও ধীরে ধীরে কমবে ঝড়ের দাপট। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ৩০-৫০ কিমি গতিতে বিক্ষিপ্ত ঝড়-বৃষ্টির সম্ভাবনা থাকবে।

  • Link to this news (এই সময়)