• RG Kar: এ বার লিফটে ফাঁসলেন খোদ লিফটম্যান! আতঙ্কে রোগী-পরিজন
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • এই সময়: বিতর্ক পিছু ছাড়ছে না আরজি করের। আরও স্পষ্ট করে বললে, লিফট বিতর্ক। শুক্রবারই ট্রমা সেন্টারের একটি লিফট প্রাণ কেড়েছে ছেলের চিকিৎসা করাতে আসা অরূপ বন্দ্যোপাধ্যায় নামে এক যুবকের। তার ঠিক পাঁচ দিনের মাথায় ফের লিফট বিভ্রাটের শিকার আরজি কর। একবার নয়, উপর্যপুরি দু’বার। মঙ্গলবার মাঝরাতের পরে বুধবার সকালের এই দু’টি ঘটনায় শুধু রোগী পরিজন নন, খোদ লিফটম্যানও আটকে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে রোগী–পরিজনের পাশাপাশি হাসপাতাল কর্মীদের মধ্যে।

    হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বুধবার সকাল ৭টা ৫২ মিনিট নাগাদ ক্যাজ়ুয়াল্টি ব্লকের তিনতলা থেকে নামার সময় হঠাৎ–ই বিকল হয়ে যায় একটি লিফট। দোতলা ও তিনতলার মাঝামাঝি জায়গায় আটকে পড়ে সেটি। সেই সময় লিফটে ছিলেন চেস্ট মেডিসিন বিভাগ থেকে আসা এক রোগী ও তাঁর পরিবারের ছ’ জন সদস্য, যাঁরা গ্রাউন্ড ফ্লোরে নামতে লিফটে উঠেছিলেন।

    কিন্তু আচমকা লিফট থেমে যাওয়ায় ভিতরে আতঙ্কের পরিস্থিতি তৈরি হয়। বহু চেষ্টায় লিফটটি শেষ পর্যন্ত একতলায় নামলেও, তার দরজা খোলেনি। অভিযোগ, এর কয়েক ঘণ্টা আগেই, মঙ্গলবার গভীর রাতে প্রায় দেড়টা নাগাদ অ্যাকাডেমিক বিল্ডিংয়েও একই ঘটনা ঘটে। অধ্যক্ষের দপ্তর থেকে নীচে নামার সময় হঠাৎ বিকল হয়ে যায় আর একটি লিফট। তাতেও আটকে পড়েন এক লিফটম্যান।

    অবশ্য গত শুক্রবারের মতো মর্মান্তিক পরিণতি হয়নি লিফটের সওয়ারিদের। দু’ক্ষেত্রেই দীর্ঘক্ষণ চেষ্টার পরে অবশেষে সিআইএসএফ কর্মী এবং ইঞ্জিনিয়ারদের তৎপরতায় উদ্ধার করা হয় আটকে পড়া ব্যক্তিদের। যদিও কেউ গুরুতর অসুস্থ হননি, তবুও ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে হাসপাতাল জুড়ে।

    অরূপ বন্দ্যোপাধ্যায়ের মর্মান্তিক পরিণতির যে ঘটনা তীব্র আলোড়ন তুলেছে রাজ্যজুড়ে, তার রেশ এখনও মেলায়নি। তার মধ্যেই আরজি করের মতো ব্যস্ত হাসপাতালে পর পর লিফট বিকল হয়ে পড়ায় প্রশ্ন উঠছে রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা ব্যবস্থার মান নিয়ে। রোগী–পরিজনের একাংশের অভিযোগ, নিয়মিত রক্ষণাবেক্ষণের অভাবেই এমন ঘটনা বারংবার ঘটছে। হাসপাতাল কর্তৃপক্ষ অবশ্য বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দিয়েছেন। তবে আতঙ্ক কাটছে না।

  • Link to this news (এই সময়)