• নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখার নির্দেশ কঠোর ভাবে মানতে হবে: সুপ্রিম কোর্ট
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • ধর্ষণ এবং যৌন নির্যাতনের মামলায় নির্যাতিতার নাম-পরিচয় যাতে গোপন রাখা হয়, তা নিয়ে সুস্পষ্ট ‘গাইডলাইন’ রয়েছে সুপ্রিম কোর্টের। কিন্তু সেই নির্দেশ পালনে গাফিলতি রয়েছে বলে পর্যবেক্ষণ দেশের শীর্ষ আদালতের। ধর্ষণের মামলায় নির্যাতিতার পরিচয় গোপন রাখা নিয়ে অতীতের নির্দেশ যাতে কঠোর ভাবে পালন করা হয়, তা নিশ্চিত করতে বলল শীর্ষ আদালত। সেই নির্দেশ মানতে দেশের সব হাই কোর্টের রেজিস্ট্রার জেনারেলকে নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি একটি ধর্ষণের মামলার রায়ে এই বিষয়টি উল্লেখ করেছেন সুপ্রিম কোর্টের দুই বিচারপতি।   

    সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জয় কারোল এবং বিচারপতি কোটিশ্বর সিংহের বেঞ্চে নাবালিকার ধর্ষণ সংক্রান্ত মামলার শুনানি চলছিল। মঙ্গলবার সেই মামলার রায় দিয়েছে শীর্ষ আদালত। সেই রায়ের কপিতেই এই নির্যাতিতার পরিচয় গোপন রাখার নির্দেশ পালনের বিষয়টি উল্লেখিত হয়েছে।

    নির্যাতিতার নাম-পরিচয় গোপন রাখা নিয়ে সুপ্রিম কোর্ট অতীতে যে রায় দিয়েছিল, তারও উল্লেখ করা হয়েছে। নিপুণ সাক্সেনা বনাম কেন্দ্রীয় সরকারের ২০১৮ সালের মামলার প্রসঙ্গেও রায়ে উল্লেখ করেছেন বিচারপতিদের ওই বেঞ্চ। ইন্ডিয়ান পেনাল কোডে ২২৮এ ধারার কথাও উল্লেখ করা হয়েছে।

    এ প্রসঙ্গে সম্প্রতি সুপ্রিম কোর্টের বেঞ্চের দেওয়া রায়ে লেখা হয়েছে, ‘আইনত দীর্ঘদিন ধরেই এটি প্রতিষ্ঠিত। অথচ বাস্তবে তা সঠিক ভাবে মানা হয়নি। অনুমান করা হচ্ছে, নিম্ন আদালতগুলিতে ঔদাসীন্য এবং সচেতনতার অভাবই এর প্রধান কারণ।’ এর পাশাপাশি এই রায়ের প্রতিলিপি সকল হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলকে পাঠানোর নির্দেশও দিয়েছেন দুই বিচারপতি।

    নির্যাতিতার পরিচয় গোপন রাখা নিয়ে শীর্ষ আদালতের কঠোর নির্দেশ সত্ত্বেও, তা পালনে বিচ্যুতির ঘটনা প্রায়শই সামনে আসে। আর জি করের ছাত্রীর ধর্ষণ ও খুনের ঘটনায় নির্যাতিতার নাম প্রকাশ্যে এসেছিল। যা নিয়ে ব্যাপক বিতর্ক ছড়ায়।

  • Link to this news (এই সময়)