আজকাল ওয়েবডেস্ক: উত্তর ২৪ পরগণার বীজপুর বিধানসভা এলাকায় ভোটের আবহে এক সাক্ষাৎ ঘিরে শুরু হয়েছে রাজনৈতিক জল্পনা। বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস হঠাৎই পৌঁছে যান মুকুল রায়ের পুত্র প্রাক্তন তৃণমূল বিধায়ক শুভ্রাংশু রায়–এর বাড়িতে। এই সাক্ষাৎকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে নানা প্রশ্ন উঠতে শুরু করেছে।
যদিও বিজেপি প্রার্থী সুদীপ্ত দাস দাবি করেছেন, এই সাক্ষাৎ সম্পূর্ণ ব্যক্তিগত সৌজন্যের। তাঁর কথায়, “শুভ্রাংশু আমার বহু দিনের বন্ধু। আমরা একসঙ্গে রাজনীতি করেছি। তাঁর বাবার মৃত্যুর সময় বিধিনিষেধের কারণে আসতে পারিনি। তাই আজ দেখা করতে এলাম।”
একই সুর শোনা গেছে শুভ্রাংশু রায়ের মুখেও। তিনি জানান, “এটি সম্পূর্ণ বন্ধুত্বের সম্পর্কের সৌজন্য সাক্ষাৎ। রাজনীতির সঙ্গে এর কোনও সম্পর্ক নেই।” তবে বন্ধুর প্রতি শুভকামনা জানাতে তিনি কুণ্ঠাবোধ করেননি। অকপটে বলেন, “ও ভালো রেজাল্ট করুক, সেই কামনাই করি।”
তবে রাজনৈতিক পর্যবেক্ষকদের মতে, ভোটের ঠিক আগে এই ধরনের সাক্ষাৎ নিছক সৌজন্য না কৌশল—সেটা নিয়ে কিন্তু ধন্দ রয়েই গেল। বীজপুরে এই ঘটনায় নতুন করে ঢিল পড়েছে রাজনৈতিক 'পুকুরে'।