• ৪৫ বছর ধরে বেড়ে ওঠা টিউমার, ওজন‌ মেপে অবাক ডাক্তার
    আজকাল | ২৬ মার্চ ২০২৬
  • বিভাস ভট্টাচার্য: এক, দু'বছর ধরে নয়। গত ৪৫ বছর ধরে একটু একটু করে বেড়ে উঠছিল টিউমার। মাথার বাঁ দিকে। অল্প অল্প করে বাড়তে বাড়তে শেষপর্যন্ত অবস্থা এমন পর্যায়ে পৌঁছয় যে টিউমারের ভারে রোগীর মাথা বাঁ দিকে সামান্য কাত হয়ে থাকত। 

    জানা গিয়েছে, দক্ষিণ ২৪ পরগণা জেলার মগরাহাটের বাসিন্দা মধ্যবয়সী এই রোগী চিকিৎসার জন্য এই হাসপাতাল থেকে ওই হাসপাতালে ছুটে বেড়ালেও সমাধান হয়নি। শেষপর্যন্ত এম আর বাঙ্গুর হাসপাতালে এসে বহির্বিভাগে চিকিৎসকদের সঙ্গে যোগাযোগ করলে তাঁরা তাঁকে পাঠিয়ে দেন সার্জারি বিভাগে। সিটি স্ক্যান করা হয় রোগীর।‌ দেখা যায় অস্ত্রোপচার করা খুবই জরুরি। বৃহস্পতিবার সকালে সার্জারি বিভাগের প্রধান ডাঃ নিলয় নারায়ণ সরকারের তত্ত্বাবধানে রোগীর অস্ত্রোপচার করা হয়। সফলভাবেই এই অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে বলে জানিয়েছেন নিলয়। 

    তাঁর কথায়, "গত ৪৫ বছর ধরে এই টিউমার তাঁর মাথায় একটু একটু করে বেড়ে উঠেছে। এই মুহূর্তে ওজন ১০ কেজির কাছে। অবস্থা যে পর্যায়ে পৌঁছেছে সেখানে অস্ত্রোপচার ছাড়া আর কোনও উপায় ছিল না। এদিন অস্ত্রোপচার করা হয়েছে এবং সেটা সফলভাবেই হয়েছে। রোগী আপাতত ভালো আছেন।" 

    ডাঃ নিলয় নারায়ণ সরকার ছাড়াও ছিলেন ডাঃ অনুভব সাহা। ছিলেন অ্যানেসথেসিয়া বিভাগের চিকিৎসক ডাঃ ব্রজেন্দ্রনাথ দাস, ডাঃ সরফরাজ রহমান এবং ডাঃ হিমালয় দত্ত। ছিলেন নার্স সুশোভনা বেরা। সকলেই ধন্যবাদ জানিয়েছেন হাসপাতালের সুপার ডাঃ শিশির নস্করকে। কর্তৃপক্ষ জানিয়েছেন, বেসরকারি ক্ষেত্রে এই অস্ত্রোপচার করতে রোগীর অনেক টাকা খরচ হত। সরকারি হাসপাতালে হওয়ার জন্য যেটা বিনামূল্যে হয়েছে।

     
  • Link to this news (আজকাল)