যাদবপুর থেকে কলকাতা, রাজ্যের দুই বড় বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে রামনবমীর পুজো চলছে। আয়োজনে ABVP। কিন্তু অনুমতি নিয়েই উঠছে প্রশ্ন। কী বলছে SFI?
বৃহস্পতিবার বেলা ১১টা নাগাদ যাদবপুর ক্যাম্পাসে রামের মূর্তি নিয়ে উপস্থিত হন ABVP সদস্যরা। রীতিমতো ঢাক-ঢোক বাজিয়ে, গেরুয়া পতাকা লাগিয়ে, পুরোহিত ডেকে হচ্ছে রাম পুজো। সঙ্গে চলছে 'জয় শ্রীরাম' স্লোগান। ধর্মনিরপেক্ষ শিক্ষা প্রতিষ্ঠানে রামনবমীর পুজো নিয়ে ক্ষোভ রয়েছে বামপন্থী ছাত্র সংগঠনগুলির মধ্যে। তবে নিজে থেকে এই ধর্মাচরণ বা পুজোয় তারা কোনও বাধা দেবে না বলেই জানাচ্ছে SFI। যদিও তাদের বক্তব্য, এই রামনবমীকে কেন্দ্র করে ক্যাম্পাসে কোনও উস্কানিমূলক আচরণ হলে, প্রতিরোধ গড়ে তোলা হবে।
জানা গিয়েছে, গত বুধবারই দুই বিশ্ববিদ্যালয়ে কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়ে পুজোর অনুমতি চেয়েছিল ABVP। যাদবপুরে মৌখিক অনুমতি মিলেছে। তবে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই নিয়ে কোনও অফিশিয়াল পারমিশন দেয়নি বলেই খবর। আর সেই নিয়ে শুরু হয়েছে বিতর্ক। কলকাতা বিশ্ববিদ্যালয়ের কলেজ স্ট্রিট ক্যাম্পাসের ভিতর পুজো না করা গেলেও RSS-এর ছাত্র সংগঠন ক্যাম্পাসের মূল ফটকের বাইরেই পুজোর আয়োজন করেছে।
এদিকে, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বামপন্থী ছাত্র সংগঠনের একাধিক সদস্য রামপুজো সংলগ্ন স্থলে এসে স্লোগানিং করেছেন বলে অভিযোগ ABVP-র। দুই পক্ষের মধ্যে এই নিয়ে স্লোগান যুদ্ধে উত্তপ্ত হয়ে ওঠে ক্যাম্পাস চত্বর। এই রামনবমী পালন নিয়ে SFI-এর রাজ্য সম্পাদক শুভদীপ বন্দ্যোপাধ্যায় বলেন, 'ধর্মাচরণের ক্ষেত্রে ব্যক্তিগত স্বাধীনতা রয়েছে। কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানে, অ্যাকাডেমিক বিল্ডিংয়ে যদি ধর্মাচরণ হয়, সেখানে তো বিভিন্ন ধর্মের ছাত্রছাত্রীরা থাকে। সেখানে ধর্মনিরপেক্ষতা বজায় রাখাই দরকার। তাছাড়া রামনবমীকে কেন্দ্র করে যদি কোনও সাম্প্রদায়িক উত্তেজনা ছড়ানোর চেষ্টা হয়, আমরা রুখে দাঁড়াব। ২০২৪ সালে রামনবমীকে কেন্দ্র করে উত্তেজনা তৈরি করা হয়েছিল, সহকারী উপাচার্য আক্রান্ত হয়েছিলেন ABVP-র হাতে। এই হুলিগানিজম আমরা চাই না, তাই কর্তৃপক্ষকে দায়িত্ব নিতে বলেছি।'
তা সত্ত্বেও দেখা গেল বিশাল আয়োজন করে অ্যাকাডেমিক বিল্ডিংয়েই পালিত হল রামনবমীর পুজো। এ প্রসঙ্গে শুভদীপ বলেন, 'আমাদের কমরেডরা ক্যাম্পাস চত্বরেই রয়েছে। নিজেরা মারপিট ক্যাম্পাস চত্বরে করতে চাই না। কিন্তু কোনও ছাত্র যদি এমন কোনও সাম্প্রদায়িক উত্তেজনার অভিযোগ তোলে তবে আমরা কর্তৃপক্ষকেও জানাব এবং প্রতিরোধ গড়ে তুলব।'