কলকাতায় আচমকা ঝড়বৃষ্টি। ২৬ মার্চ, বৃহস্পতিবার বিকেল নাগাদ হঠাৎ কলকাতা ও পার্শ্ববর্তী এলাকায় শুরু হয় দমকা হাওয়া ও বৃষ্টি।
বিধাননগর ও দমদম এয়ারপোর্টে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি শুরু হয়েছে। বাগুইহাটি এলাকায় শুরু হয়েছে শিলাবৃষ্টি। ঝড়ের ধাক্কায় কলেজ স্কোয়ার এলাকায় ভেঙে পড়েছে গাছ।
উত্তর ২৪ পরগনা জেলার একাধিক জায়গায় শিলা বৃষ্টির সঙ্গে হাওয়ার দাপট চলছে। আচমকা বৃষ্টির জেরে কমে এসেছে তাপমাত্রা।
এ দিন বৃষ্টির দাপটে কলকাতায় নামতে পারছিল না মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। আকাশে চক্কর কাটতে হয়েছে মমতার বিমানকে।
আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, উত্তর-পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকায় সমুদ্রপৃষ্ঠ থেকে ৯০০ মিটার উচ্চতায় ঘূর্ণাবর্ত রয়েছে। দক্ষিণ গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন এলাকায় থাকা ঘূর্ণাবর্তটি দক্ষিণ-গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং লাগোয়া উত্তর ওডিশার উপরে অবস্থান করছে।
আবহাওয়া দপ্তরে ২৬ মার্চ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় হালকা বৃষ্টি ও ঝড়ের পূর্বাভাস দেওয়া হয়েছিল। সেই তালিকায় রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং দক্ষিণ ২৪ পরগনা।