• প্রবল দুর্যোগে ১ ঘণ্টার উপরে মাঝ আকাশে চক্কর মমতার বিমানের, অবশেষে নামলেন কলকাতায়
    এই সময় | ২৬ মার্চ ২০২৬
  • প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিমান। অন্ডাল থেকে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল মুখ্যমন্ত্রীর বিমানের। সেই মতো ওড়ে ফ্লাইট। কিন্তু কলকাতায় বিমান ঢোকার আগেই তুমুল ঝড়বৃষ্টি শুরু হয়। বিমানবন্দর চত্বরে বৃষ্টির দাপট আর ঝোড়ো হাওয়ার তাণ্ডবে বিমান ওঠানামা সাময়িক ভাবে বন্ধ রাখতে হয়। তার ফলেই মুখ্যমন্ত্রীর বিমান অবতরণ করতে পারেনি। কলকাতায় নামতে না পারায় পাণ্ডুয়া-চাকদহ-পায়রাডাঙা-কালনা-জিরাটের আকাশে ঘুরতে থাকে বিমানটি। দীর্ঘ সময় পরে, ৫টা ১৯ মিনিটে নিরাপদে কলকাতার মাটিতে নামে মুখ্যমন্ত্রীর বিমান। এয়ারপোর্টে নেমে নিজের গাড়িতে বেরিয়ে যান তিনি।

    এ দিন পশ্চিম বর্ধমানের পাণ্ডবেশ্বরে সভা ছিল মমতার। এর পরে সভা করেন বীরভূমের দুবরাজপুরে। সেখান থেকে অন্ডাল হয়ে কলকাতায় ফেরার কথা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। ৪টের পরে মুখ্যমন্ত্রীকে নিয়ে ফ্যালকন বিমানটি কলকাতার আকাশে এসে পৌঁছয়। সেই সময়ে প্রবল ঝড়বৃষ্টি শুরু হয়ে যায় বিমানবন্দর ঘিরে।

    শুধু মুখ্যমন্ত্রীর বিমান নয়, প্রায় ৩-৪টি বিমান কলকাতায় নামতে এসে আকাশে আটকে পড়ে। তাদের হোল্ড করতে বলা হয়। স্পাইস জেটের ফ্লাইটও আছে। বিমানবন্দর সূত্রে খবর, বৃষ্টির সঙ্গে প্রবল জোরে হাওয়া বইতে থাকে। তার ফলেই এই বিপত্তি।

    ওই বিমান অন্ডালে ফেরানোর সম্ভাবনার কথা শোনা যায়। দ্বিতীয় বিকল্প বিমানবন্দর হিসেবে রাঁচির কথা বলা হয় পাইলটকে। তবে বিমানবন্দরের অভিজ্ঞ অফিসাররা বলছিলেন, হোল্ডে থাকা বিমানগুলির মধ্যে যার পাইলট আবহাওয়া বুঝে আগে নেমে আসবেন, তাঁকে অনুসরণ করেই বাকিরা নেমে আসবেন। মুখ্যমন্ত্রীর বিমানটি তুলনায় ছোট বিমান। ফলে নামতে কোনও সমস্যা নেই। তবে যে হেতু বিমানটিতে VIP ছিলেন, তাই সব দিক খতিয়ে দেখেই বিমানটি অবতরণ করানো হয়।

  • Link to this news (এই সময়)