পশ্চিম এশিয়ায় ঘনীভূত হওয়া যুদ্ধের মেঘ এবং তার জেরে বিশ্ববাজারে তৈরি হওয়া অস্থিরতার মধ্যে ভারতের অভ্যন্তরীণ প্রস্তুতি খতিয়ে দেখতে বড়সড় পদক্ষেপ নিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামী কাল, শুক্রবার সন্ধ্যায় দেশের সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক উচ্চপর্যায়ের বৈঠকে বসছেন তিনি। তবে নির্বাচনমুখী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা এই বৈঠকে থাকছেন না।
সংবাদসংস্থা PTI সূত্রে খবর, এই বৈঠকের মূল লক্ষ্য হলো কেন্দ্র ও রাজ্যের মধ্যে সমন্বয় সাধন। যাতে সঙ্কটের সময়ে ‘টিম ইন্ডিয়া’ হয়ে তার মোকাবিলা করা যায়। গত সোমবারই লোকসভায় প্রধানমন্ত্রী সতর্ক করেছিলেন, এই ভূ-রাজনৈতিক সঙ্কট দীর্ঘস্থায়ী হতে পারে। তাই উপকূলীয় নিরাপত্তা, সাইবার সুরক্ষা এবং কৌশলগত পরিকাঠামো রক্ষায় রাজ্যগুলিকে বিশেষ সতর্ক থাকতে হবে।
যুদ্ধের জেরে হরমুজ় প্রণালী (Strait of Hormuz) কার্যত অবরুদ্ধ থাকায় জ্বালানি সঙ্কট নিয়ে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়েছে। তবে বৃহস্পতিবার কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রক আরও একবার স্পষ্ট ভাবে জানিয়েছে, দেশে পর্যাপ্ত জ্বালানি মজুত রয়েছে। মন্ত্রক জানিয়েছে:
কেন্দ্রের তরফে জানানো হয়েছে, কিছু অসাধু চক্র কৃত্রিম সঙ্কট তৈরি করে কালোবাজারি বা মজুতদারির চেষ্টা করছে। রাজ্যগুলিকে এই ধরনের চক্রের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে কেন্দ্র। নির্বাচনমুখী রাজ্যগুলির মুখ্যমন্ত্রীরা থাকছেন না প্রধানমন্ত্রীর বৈঠকে। পশ্চিমবঙ্গ, তামিলনাড়ু ও কেরালার ক্ষেত্রে ক্যাবিনেট সচিবালয় আলাদা ভাবে মুখ্য সচিবদের সঙ্গে পরিস্থিতি পর্যালোচনা করবে বলে জানা গিয়েছে।