আসন্ন বিধানসভা নির্বাচনে রাজ্যের নিরাপত্তা ব্যবস্থা আঁটসাঁট করতে তৎপর লোকভবন। বিশেষ করে রাজ্যের একাধিক জেলার সঙ্গে রয়েছে বাংলাদেশের সীমান্ত। নির্বাচনের সময়ে এই সীমান্তবর্তী এলাকাগুলিতে ঝামেলার আশঙ্কা থাকে। বৃহস্পতিবার বাংলাদেশ সীমান্তবর্তী এলাকাগুলির নিরাপত্তা পরিস্থিতি এবং আসন্ন নির্বাচনে সীমান্তরক্ষী বাহিনী অর্থাৎ BSF-এর ভূমিকা নিয়ে লোকভবনে BSF-এর পূর্বাঞ্চলীয় কম্যান্ডের প্রধান সুমিত শরণের সঙ্গে বৈঠক করলেন রাজ্যপাল রবীন্দ্র নারায়ণ রবি।
লোকভবন সূত্রে খবর, এই বৈঠকে ভারত-বাংলাদেশ সীমান্তের বর্তমান নিরাপত্তা ব্যবস্থা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। নির্বাচনে কেন্দ্রীয় বাহিনীর মোতায়েন পরিকল্পনা এবং সীমান্তবর্তী এলাকাগুলিতে আইন-শৃঙ্খলা রক্ষায় BSF-এর প্রস্তুতির ছবিটা রাজ্যপালের সামনে তুলে ধরেন সুমিত শরণ। লোকভবনের একটি সূত্রের দাবি, বাহিনীর সামগ্রিক প্রস্তুতিতে সন্তোষ প্রকাশ করেছেন রাজ্যপাল। সংবাদসংস্থা PTI জানিয়েছে, রাজ্যপালকে বর্তমান নিরাপত্তা পরিস্থিতি ও তাদের পরিকল্পনা সম্পর্কে জানান BSF আধিকারিকরা।
পশ্চিমবঙ্গের নির্বাচনে রাজনৈতিক হিংসার অতীত ইতিহাস উল্লেখ করে বৈঠকে উদ্বেগ প্রকাশ করেন রাজ্যপাল। সাধারণ মানুষের মধ্যে আস্থা তৈরি এবং অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে জিরো টলারেন্স বা শূন্য সহনশীলতা নীতি নেওয়ার বিষয়ে জোর দিয়েছেন রাজ্যপাল। অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে BSF-এর তরফে সবরকম ভাবে সহযোগিতার আশ্বাস দেওয়া হয়েছে এই বৈঠকে।