• ভোটের আগেই ঢুকবে DA? দুর্যোগের কবলে মমতার বিমান...এক নজরে এ দিনের রাজ্যের সেরা পাঁচ
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • রাজ্যে জোর কদমে চলছে ভোটের প্রস্তুতি। প্রচারে টক্কর রাজনৈতিক দলগুলির। এরই মধ্যে বৃহস্পকিবার বকেয়া DA দেওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য অর্থ দপ্তর। এ দিনই আবার অন্ডাল থেকে কলকাতা আসার পথে প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রাইভেট জেট বিমান। এক নজরে দেখে নিন এ দিনের সেরা পাঁচ খবর:

    সুপ্রিম নির্দেশের পরে মহার্ঘ ভাতা বা DA-র বকেয়া অর্থ প্রদানের প্রক্রিয়া শুরু করল নবান্ন। অর্থ দপ্তর অনেকের ক্ষেত্রে ‘এরিয়ার স্টেটমেন্ট’ জেনারেটও করে দিয়েছে বলে সূত্রের খবর। অর্থাৎ, টাকা এ বার ট্রেজারি বা Pay and Accounts Office (PAO)-এ চলে যাবে। ফলে খুব তাড়াতাড়ি সরকারি কর্মচারীরা প্রথম কিস্তির অর্থ পেয়ে যাবেন বলে আশা করা হচ্ছে।

    ফুন্টশলিং লাগোয়া ভুটান গেট চত্বরে থিকথিকে ভিড়ের মধ্যে তৃণমূল কংগ্রেস প্রার্থী বীরেন্দ্র ওঁরাওয়ের সমর্থনে প্রচার করলেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। দর্শকদের উদ্দেশে তিনি বলেন, ‘আপনাদের দাবি কী? আপনারা কী চান?’ সভা শেষে সেই সব দাবিপূরণের আশ্বাসও দেন।

    প্রবল দুর্যোগে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট ধরে মাঝ আকাশে চক্কর কাটল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিমান। অন্ডাল থেকে ওড়ার পরে বিকেল ৪টে নাগাদ কলকাতায় অবতরণের কথা ছিল বিমানটির। কিন্তু কলকাতা বিমানবন্দর এলাকায় সেই সময়ে তুমুল ঝড়বৃষ্টি চলায় নামতে পারেনি মুখ্যমন্ত্রীর বিমান। দীর্ঘ সময় পরে, ৫টা ১৯ মিনিটে নিরাপদে কলকাতার মাটিতে নামে বিমানটি।

    নির্বাচনী প্রচারের মঞ্চে ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের নিশানায় মোদী সরকার। পাণ্ডবেশ্বরে জনসভায় দেশের জ্বালানি সমস্যা উঠে এল তাঁর বক্তব্যে। সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে শোনা গিয়েছিল কোভিডের সময়ের কথা। সেই প্রসঙ্গ উল্লেখ করে তৃণমূল সুপ্রিমো দাবি করেন, দেশের মানুষকে ফের লাইনে দাঁড় করাতে চলেছে মোদী সরকার।

    যাদবপুর বিশ্ববিদ্যালয়ে রামনবমী ঘিরে চলল স্লোগান-পাল্টা স্লোগান। অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP) এই রাম পুজোর আয়োজন করে ক্যাম্পাসে। যার বিরোধিতায় প্রথম থেকেই সরব ছিল যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বাম ঘেঁষা ছাত্র সংগঠনগুলি।

  • Link to this news (এই সময়)