• ‘ওর বিরুদ্ধে কিছু বলব না’, কলতানকে নিয়ে সুর বদল নির্যাতিতার মায়ের, কী বললেন শুভেন্দু?
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • প্রার্থিপদ ঘোষণা হওয়ার পরদিনই প্রচারে আরজি করের নির্যাতিতার মা-বাবা। এ দিকে নির্বাচনে প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পরে প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থীকে নিয়ে হঠাৎই সুর বদল পানিহাটির বিজেপি প্রার্থীর। আরজি কর আন্দোলনে অংশ নিয়ে কারাবাসে যাওয়া বাম প্রার্থী কলতান দাশগুপ্তের উদ্দেশে দিন সাতেক আগেই তোপ দেগেছিলেন নির্যাতিতার মা। বুধবার প্রার্থিপদ ঘোষণার পরদিন, বৃহস্পতিবার যদিও তাঁর গলায় শোনা গেল ভিন্ন সুর। এরই মধ্য়ে আরজি কর আন্দোলনকে ভোটের ময়দানে আনার বিতর্কের মাঝে নির্যাতিতার মাকে ভবানীপুরে প্রচারে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

    বুধবার বিধানসভা নির্বাচনে তৃতীয় প্রার্থী তালিকা প্রকাশ করেছে বিজেপি। জল্পনার অবসান ঘটিয়ে পানিহাটি বিধানসভা কেন্দ্রে নির্যাতিতার মা'কে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তার পরেই এ দিন সল্টলেকের বিজেপি দপ্তরে যান 'অভয়া'র বাবা-মা। এ দিন বিজেপির রাজ্য সভাপতি নীতিন নবীনের সঙ্গে দেখা করেন তাঁরা। সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে পানিহাটির বিজেপি প্রার্থী প্রতিদ্বন্দ্বী বাম প্রার্থী কলতানকে ‘ছেলের মতো’ বলে সম্বোধন করেন। তিনি বলেন, ‘ও আমার ছেলের মতো।’ এখানেই শেষ নয়, বাম প্রার্থী কলতান যে আন্দোলনের অংশ ছিলেন, তা-ও মানলেন নির্যাতিতার মা।

    এ দিন সন্তানহারা মা বলেন, ‘ও (কলতান) আন্দোলন করেছে। ওর বিরুদ্ধে কিছু বলব না।’ অন্যদিকে, এ দিন নির্যাতিতার মা-বাবার সঙ্গে দেখা করার সময়ে সংবাদমাধ্যমের সামনে কলতান প্রসঙ্গকে পাত্তাই দেননি শুভেন্দু। BJP নেতার কথায়, তৃণমূলকে জেতাতে ও ভোট কাটানোর জন্য়ই বিভিন্ন জায়গায় দাঁড়িয়েছেন বামপ্রার্থীরা।

    তৃণমূলকে উৎপাটনই তাঁদের মূল লক্ষ্য, এ দিন ফের তা স্পষ্ট করে দেন নির্যাতিতার বাবা-মা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম করে তুমুল সমালোচনা করেন তিনি। পানিহাটির বিজেপি প্রার্থীর কথায়, ‘রাজ্যে মহিলাদের নিরাপত্তা নেই। নারীদের সম্মান নেই। কোনও কিছু ঘটনা ঘটলে বলা হয়, মহিলারা যাতে রাতে বের না হন। ৮টার পরে নারীরা বেরোতে পারবে না। এ সব কথা যিনি বলেন, তিনি আমাদের মুখ্যমন্ত্রী, স্বাস্থ্যমন্ত্রী এবং তিনিই পুলিশ মন্ত্রী।’ এ কথা শেষ করেই পানিহাটিবাসীর কাছে তৃণমূলকে উপড়ে ফেলার আহ্বান জানান তিনি। বিজেপি প্রার্থীর আশা, আন্দোলনের সময়ে যে ভাবে সবাই তাঁদের পাশে দাঁড়িয়েছিলেন, ভোটের লড়াইতেও সে ভাবেই থাকবেন।

    প্রার্থী হিসেবে নাম ঘোষিত হওয়ার পরে এ দিন পানিহাটিতে নির্যাতিতার বাবা-মায়ের সঙ্গে দেখা করেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ‘(নির্যাতিতার মায়ের কাছে) আমি কৃতজ্ঞ।’ তাঁর আশা, বিপুল ব্যবধানে পানিহাটির শিক্ষিত মানুষ রেকর্ড ভোটে নির্যাতিতার মাকে জয়ী করবেন। আরজি কর-এর ২০২৪-এর কথা উল্লেখ করে তৃণমূলের উদ্দেশে তোপ দেগে শুভেন্দু বলেন, ‘যিনি এই কেসে রাজ্য সরকারকে বাঁচিয়েছেন, সেই আইনজীবীকে রাজ্যসভায় পাঠিয়েছে তৃণমূল।’

    একইসঙ্গে সংবাদমাধ্যমের সামনে দাঁড়িয়ে ভবানীপুরের বিজেপি প্রার্থী শুভেন্দু জানান, রাজ্যের পুলিশমন্ত্রীর বিরুদ্ধে নির্যাতিতার মায়ের যে অভিযোগ রয়েছে, তা সাধারণ মানুষকে জানাতে তিনি ভবানীপুরে প্রচারে নিয়ে যাবেন তাঁকে।

  • Link to this news (এই সময়)