• বিজেপি প্রার্থী নিয়ে ক্ষোভ, চন্দননগরে প্রবল বিক্ষোভ
    আজকাল | ২৭ মার্চ ২০২৬
  • মিল্টন সেন: তৃতীয় দফায় প্রার্থী ঘোষণার পর আবার বিক্ষোভ জেলায়। এবার চন্দননগরে বিক্ষোভ বিজেপি প্রার্থী দীপাঞ্জন গুহকে নিয়ে। প্রার্থীর নাম জানা মাত্রই চন্দননগর জ্যোতির মোড়ে জরো হয়ে বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মিরা। জানা গিয়েছে, দীপাঞ্জন বাবু প্রার্থী হলে রাস্তা অবরোধ করে বিক্ষোভ করার পরিকল্পনা আগে থেকেই ছিল একদল দলীয় কর্মীদের। কিন্তু কেন্দ্রীয় বাহিনী সেখানে মোতায়েন থাকায় রাস্তার পাশে ফুটপাতে দাঁড়িয়েই বিক্ষোভ দেখাতে থাকে বিজেপি কর্মিরা। 

    বিজেপি কর্মীদের অভিযোগ, গত বিধানসভা নির্বাচনে পরাজিত হওয়ার পর আর দীপাঞ্জন গুহকে চন্দননগরের আশেপাশেও কখনও দেখা যায়নি। বিজেপি কর্মীদের বিপদে আপদে কখনওই তাঁকে পাশে পাওয়া যায়নি। প্রার্থী পরিযায়ী পাখি। শুধু মাত্র ভোটের সময় আসেন। বিক্ষোভকারী বিজেপি কর্মীদের বক্তব্য চন্দননগর দীপাঞ্জনকে চায় না।  বুধবার রাতে প্রার্থীর নাম ঘোষণার পরই রাস্তায় টায়ারে আগুন জ্বালিয়ে বিজেপি প্রার্থী বিরোধী বিক্ষোভ শুরু হয়। পুলিশি তৎপরতায় রাতে বিক্ষোভ কিছুটা প্রশমিত হলেও, সকালে আবারও বিক্ষোভ দেখাতে শুরু করে বিজেপি কর্মীরা। ঘেরাও অবরোধ করে জিটি রোডে জ্যোতির মোড় অঞ্চল। পরে কেন্দ্রীয় বাহিনী গিয়ে অবরোধ তুলে দেয়। কিন্তু রাস্তার দুপাশে দাঁড়িয়ে বিক্ষোভ দেখাতে থাকে। 

    চন্দননগর কর্পোরেশনের ডেপুটি মেয়র মুন্না আগরওয়াল বলেন, "বিজেপির যেই প্রার্থী হোক এই অবস্থাই হত, এটা আগে থেকেই পরিষ্কার বোঝা যাচ্ছিল। কারণ ওরা বাংলার রাজনৈতিক দল নয়। তৃণমূল কংগ্রেস সারা বছর মানুষের সঙ্গে থাকে। নির্বাচন একটা প্রক্রিয়া। আর বিজেপিকে সারা বছর দূরের কথা কখনওই খুঁজে পাওয়া যায় না। শুধু মাত্র ভোটের সময় দেখা যায়।"
  • Link to this news (আজকাল)