দিব্যেন্দু সরকার
ভোটের প্রচারে বেরিয়ে এ বার মাথায় দুর্গা মূর্তি নিয়ে মন্দিরে হাজির হলেন পুরশুড়ার তৃণমূল প্রার্থী পার্থ হাজারি। তাঁর অভিযোগ, খানাকুলের হেলান এলাকায় পুরশুড়া কেন্দ্রের বিজেপি বিধায়ক তথা এ বারের বিজেপি প্রার্থী বিমান ঘোষ মন্দির ভেঙে পেট্রোল পাম্প বানাতে সহযোগিতা করেছেন। তা নিয়ে এলাকা পোস্টারও পড়েছিল। বৃহস্পতিবার ভোটের প্রচার মিছিল থেকেই তিনি মাথায় করে দুর্গা মূর্তি নিয়ে পৌঁছে গেলেন মন্দিরে। রামনবমীরও পুজো করলেন।
পার্থ হাজারি বলেন, ‘আমরা মানুষের ধর্মীয় ভাবাবেগকে আঘাত দিই না। বিজেপি দেয়। তাই ওরা মন্দির ভেঙে পেট্রোল পাম্প করেছে। আর আমরা দিদির সৈনিকরা মন্দির মসজিদকে সম্মান শ্রদ্ধা করি। আমি এলাকার মানুষ কে কথা দিয়েছিলাম যে, ওই স্থানেই পুজো হবে। মন্দির হবে। তাই আমি এ দিন দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে মা দুর্গার পুজো করলাম। ওখানেই মন্দির হবে।’
যদিও বিজেপির প্রার্থী বিমান ঘোষ বলেন, ‘আগেও বলেছি, আবারও বলছি, ওরা দেখাক, কোথায় আমি মন্দির ভেঙেছি। আজ পর্যন্ত দেখাতে পারেনি। মিথ্যা দিয়ে কি ভোটে জেতা যায়? মানুষ ওদের এই মিথ্যাচারকে ছুঁড়ে ফেলে দেবে।’