• ভোটের আগে ফের রদবদল, রাজ্যের আরও ১৪ জন রিটার্নিং অফিসারকে বদলি, কড়া কমিশন
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • গত সোমবার ৭৩ জন রিটার্নিং অফিসারকে (Returning Officer) বদলি করেছিল নির্বাচন কমিশন (Election Commission of India)। তার মধ্যে ছিল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) কেন্দ্র ভবানীপুরও। বৃহস্পতিবার আরও ১৪ জন রিটার্নিং অফিসারের বদলির নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন। সব মিলিয়ে ভোটের আগে এখনও পর্যন্ত ৮৭ জন RO-কে বদলি করা হলো।

    রাজ্যে মোট ২৯৪টি বিধানসভা কেন্দ্র রয়েছে। প্রত্যেক কেন্দ্রে একজন করে রিটার্নিং অফিসার থাকেন। অর্থাৎ রাজ্যে মোট রিটার্নিং অফিসারের সংখ্যা ২৯৪ জন। এর মধ্যে ৭৩ জনের পরে এ দিন আরও ১৪ জনকে বদলি করা হয়েছে। নির্বাচন কমিশনের নির্দেশিকা অনুযায়ী, তালিকায় রয়েছে জলপাইগুড়ি, ভরতপুর, বাদুড়িয়া, যাদবপুর, জগৎবল্লভপুর, পুরশুরা, ময়না, নন্দকুমার, হলদিয়া, কাঁথি দক্ষিণ, এগরা, খড়্গপুর, দাসপুর এবং সোনামুখী বিধানসভা কেন্দ্র।

    ১৪ জনকে বদলির পাশাপাশি ৯টি শূন্যপদে নতুন রিটার্নিং অফিসার নিয়োগও করেছে নির্বাচন কমিশন। একই সঙ্গে IAS রবি কুমারকে আরামবাগের মুহকুমাশাসক হিসেবে নিয়োগ করা হয়েছে। পাশাপাশি তাঁকে ২০০-আরামবাগ কেন্দ্রের রিটার্নিং অফিসারের দায়িত্ব দিয়েছে কমিশন। সব অফিসারকে আগামী কাল অর্থাৎ শুক্রবার (২৭ মার্চ) বিকেল ৫টার মধ্যে নিজের কেন্দ্রে যোগ দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে বিজ্ঞপ্তিতে।

    রাজ্যে বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election 2026) দিনক্ষণ ঘোষণার পর থেকেই পুলিশ ও প্রশাসনিক স্তরে একাধিক রদবদল করেছে কমিশন। প্রথমেই মুখ্যসচিব নন্দিনী চক্রবর্তী ও স্বরাষ্ট্রসচিব জগদীশপ্রসাদ মিনাকে বদলি করে দেওয়া হয়। রাজ্যের নতুন মুখ্যসচিব হয়েছেন দুষ্মন্ত নারিয়ালা। আর নতুন স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব দেওয়া হয়েছে সঙ্ঘমিত্রা ঘোষকে। কলকাতার পুলিশ কমিশনার সুপ্রতিম সরকারকে সরিয়ে তাঁর জায়গায় অজয়কুমার নন্দা এবং রাজ্য পুলিশের ডিজি পীযূষ পাণ্ডের জায়গায় সিদ্ধিনাথ গুপ্তাকে নিয়ে এসেছে কমিশন।

    এর পাশাপাশি রাজ্যের ১১টি জেলায় নতুন জেলাশাসকও নিয়োগ করা হয়েছে। একই সঙ্গে বদল করা হয়েছে কলকাতা উত্তর ও দক্ষিণের DEO। নির্বাচন কমিশনের এই ধরনের আচরণের তীব্র নিন্দা করেছে তৃণমূল। রাজ্য সরকারের সঙ্গে কোনও রকম আলোচনা ছাড়াই পুলিশ ও প্রশাসনিক স্তরে রদবদল করা হচ্ছে বলে অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও।

  • Link to this news (এই সময়)