ব্যাহত কাচের বোতল-ক্যানের উৎপাদন, যুদ্ধের জেরে মদ সরবরাহে ঘাটতির শঙ্কা, অগ্নিমূল্য প্যাকেজিং সামগ্রী, বাড়তে পারে দাম
বর্তমান | ২৬ মার্চ ২০২৬
নয়াদিল্লি: পশ্চিম এশিয়ায় যুদ্ধের জেরে কোপ পড়তে পারে মদের জোগানেও! ভারতে একাধিক আন্তর্জাতিক মদ প্রস্তুতকারী সংস্থার দাবি, জ্বালানি গ্যাস সংকটে কাচের বোতল ও অ্যালুমিনিয়ামের ক্যান তৈরি ব্যাহত হচ্ছে। যার ফলে আগামীদিনে মদের সরবরাহ ব্যাহত হতে পারে। পাশাপাশি বাড়তে পারে দামও। কাচের বোতল তৈরিতে ব্যবহৃত ফার্নেসে অবিরাম গ্যাসের সরবরাহ প্রয়োজন হয়। কিন্তু যুদ্ধ পরিস্থিতিতে গ্যাসের জোগানে ঘাটতির কারণে ব্যাহত হচ্ছে উৎপাদন। ইতিমধ্যেই কাচের বোতলের দাম ২০ শতাংশ বেড়েছে বলে জানাচ্ছে সংস্থাগুলি। পাশাপাশি প্যাকেজিংয়ে ব্যবহৃত কাগজের কার্টনের দাম বেড়ে দ্বিগুন হয়েছে। দামী হয়েছে অন্যান্য প্যাকেজিং সামগ্রীও। গ্যাস সংকটের কারণে বেশ কয়েকটি কাচের কারখানা ইতিমধ্যেই বন্ধ হয়ে গিয়েছে বা উৎপাদন কমিয়ে দিতে বাধ্য হয়েছে। ফাইন আর্ট গ্লাস ওয়ার্কস সংস্থার সিইও নীতিন আগরওয়াল জানিয়েছেন, তাঁদের সংস্থার উৎপাদন ৪০ শতাংশ কমে গিয়েছে। পণ্যের দামও ১৭-১৮ শতাংশ বাড়াতে হয়েছে। যুদ্ধের প্রভাব পড়েছে অ্যালুমিনিয়াম আমদানিতেও। ফলে কাঁচামালের অভাব দেখা দিয়েছে ক্যান তৈরির সংস্থাগুলিতেও। মদ প্রস্তুতকারী সংস্থাগুলির সংগঠন জানিয়েছে, গড়ে ১২-১৫ শতাংশ বাড়তে পারে দাম। ইতিমধ্যেই রাজ্য সরকারগুলির কাছে দাম বৃদ্ধির আরজি জানিয়েছে সংস্থাগুলি।