• রাতের অন্ধকারে তৃণমূলের পতাকায় আগুন, নিউ ব্যারাকপুরে উত্তেজনা
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আর একমাসও বাকি নেই। জোরকদমে প্রচার চলছে। এর মধ্যেই তৃণমূলের দলীয় পতাকা পোড়ানোর (TMC Flag Set on Fire) অভিযোগ উঠল বিরোধীদের বিরুদ্ধে। বৃহস্পতিবার রাতে উত্তর দমদম বিধানসভার নিউ ব্যারাকপুরের (New Barrackpore) ১৬ নম্বর ওয়ার্ডের কালীবাড়ি এক্সটেনশন রোডের এই ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাস্থলের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে পুলিশ (Police)। তবে তৃণমূলের অভিযোগ অস্বীকার করেছে বিজেপি এবং সিপিএম।

    কালীবাড়ি এক্সটেনশন রোডের গলির দু’পাশে বেশ কয়েকটি বাড়ি রয়েছে। এ দিন সন্ধ্যায় অমিত চন্দ্র নামে এক ভাড়াটিয়া প্রথম আগুন দেখে চিৎকার করতে শুরু করেন। তিনি বলেন, ‘জানলা খুলতেই দেখি আগুন জ্বলছে। সঙ্গে সঙ্গে চিৎকার করে বাড়িওয়ালাকে জানাই।’ অমিতের চিৎকারে লোকজন জড়ো হয়ে যায়। তাঁরাই দেখেন, তৃণমূলের বেশ কয়েকটি পতাকায় কে বা কারা আগুন ধরিয়ে দিয়েছে।

    ঘটনার খবর পেয়ে এলাকায় ছুটে আসেন নিউ ব্যারাকপুর থানার পুলিশ। উপস্থিত ছিলেন থানার আইসি সুপ্রিয় কুণ্ডু-সহ অন্য অফিসাররা। গোটা ঘটনার সরেজমিনে তদন্ত শুরু করেন তাঁরা। কারা আগুন লাগাল খুঁজে বের করতে এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে।

    তৃণমূলের দলীয় পতাকায় আগুন লাগার খবর শুনেই ঘটনাস্থলে পৌঁছন নিউ ব্যারাকপুর পুরসভার পুরপ্রধান প্রবীর সাহা। তিনি নির্দিষ্ট করে কোনও রাজনৈতিক দলের নাম নেননি। তাঁর অভিযোগের আঙুল ছিল বিরোধীদের দিকে। প্রবীর বলেন, ‘বিরোধীরা দিনের আলোয় তৃণমূলের সঙ্গে পেরে উঠছে না। তাই রাতের অন্ধকারে প্রতিহিংসা মূলক আচরণ করছে।’ তৃণমূলের পতাকা পুড়িয়ে এলাকায় অশান্তির বাতাবরণ তৈরির চেষ্টাও চলছে বলে অভিযোগ করেন তিনি। তবে তৃণমূলের অভিযোগ উড়িয়ে দিয়েছে বিজেপি এবং সিপিএম।

  • Link to this news (এই সময়)