ধর্ষণে অভিযুক্ত ধর্মগুরুর মন্দিরকে কোটি টাকা অনুদান মহারাষ্ট্র সরকারের
বর্তমান | ২৭ মার্চ ২০২৬
মুম্বই: ধর্ষণে অভিযুক্ত স্বঘোষিত ধর্মগুরু অশোক খারাতের সঙ্গে যুক্ত মন্দিরকে এক কোটি টাকারও বেশি অনুদান দিয়েছিল মহারাষ্ট্র সরকার। সরকারি নথি থেকে জানা গিয়েছে, ২০১৮ সালে স্থানীয় পর্যটনকেন্দ্র উন্নয়ন স্কিমের আওতায় এই টাকা দেওয়া হয়েছিল ঈশানেশ্বর মন্দিরকে (শ্রী ঈশানেশ্বর দেবস্থান টেম্পল ট্রাস্ট)। সেসময় ট্রাস্টের প্রধান ছিলেন একাধিক ধর্ষণ ও যৌন নির্যাতনে অভিযুক্ত খারাত।
জানা গিয়েছে, ৩৫ বছরের এক মহিলাকে ধর্ষণের অভিযোগে গ্রেপ্তার করা হয় খারাতকে। সব মিলিয়ে তাঁর লালসার শিকার হন ৫৮ জন মহিলা। তদন্তকারী আধিকারিকের কথায়, স্বামীর অকাল মৃত্যুর ভয়, সাংসারিক বিবাদ মেটানো, তন্ত্র-মন্ত্রের নানা গল্প শুনিয়ে মহিলাদের ফাঁদে ফেলতেন তিনি। এরপর তাঁদের মাদকদ্রব্য সেবন করিয়ে চলত যৌন নির্যাতন। পুলিশ সূত্রে খবর, খারাতের কাছে ১০০টিরও বেশি অশ্লীল ভিডিয়ো পাওয়া গিয়েছে। সেগুলি খতিয়ে দেখছে সাইবার পুলিশ।
সরকারি নথি থেকে জানা যাচ্ছে, মন্দির চত্বরের পরিকাঠামো উন্নয়নে মোট ১ কোটি ৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল। সেসময় মহারাষ্ট্রের পর্যটন ও সংস্কৃতি বিষয়ক মন্ত্রকের দায়িত্বে ছিলেন বিজেপি নেতা জয়কুমার রাওয়াল। ২০১৭-১৮ অর্থবর্ষেই ২৫ লক্ষ টাকা দেওয়া হয়েছিল মন্দির কমিটিকে। জানা যাচ্ছে, নাসিকে মোট চারটি প্রকল্প সরকারি অনুমোদন পেয়েছিল। তাদের মধ্যে সবচেয়ে বেশি টাকা পেয়েছিল ঈশানেশ্বর মন্দির। তদন্তে উঠে এসেছে, খারাতের মোট সম্পত্তির পরিমাণ দেড় হাজার কোটি টাকারও বেশি। তা নিয়েও তদন্তে নেমেছে আয়কর বিভাগ। ঈশানেশ্বর মন্দিরের এই উন্নয়নের টাকাও কী সরিয়েছিলেন এই স্বঘোষিত ধর্মগুরু? প্রশ্ন উঠছে।