বাংলার প্রার্থী তালিকা নিয়ে কাল বৈঠকে বসছে কংগ্রেস নেতৃত্ব
বর্তমান | ২৭ মার্চ ২০২৬
সন্দীপ স্বর্ণকার, নয়াদিল্লি: ভোটমুখী পশ্চিমবঙ্গে তৃণমূল, বাম, বিজেপির মতো দলগুলি প্রচার শুরু করে দিলেও কংগ্রেস এখনো প্রার্থী বাছাই করে উঠতে পারল না। আগামী সোমবার ৩০ মার্চ পশ্চিমবঙ্গে প্রথম দফার ভোটের মনোনয়ন শুরু। তাই অবশেষে আগামী কাল, শনিবার কংগ্রেসের ‘স্ক্রিনিং কমিটি’র বৈঠক বসতে চলেছে বলে জানিয়েছেন কমিটির চেয়ারম্যান বি কে হরিপ্রসাদ। তিনি বলেন, ‘বাংলার সব আসনেই লড়ার চেষ্টা হচ্ছে। অধীররঞ্জন চৌধুরীর মতো দাপুটে নেতাদেরও বলা হয়েছে, বিধানসভায় লড়তে হবে। না হলে এক-দু’টি আসনেও জেতা কার্যত অসম্ভব।’ অন্যদিকে, কেরলে এবার ‘ডু অর ডাই’ অবস্থা কংগ্রেস এবং বাম—দুই দলেরই। উভয়েই জিততে মরিয়া। কিছুদিন আগে পর্যন্ত কেরল দখলে একপ্রকার আত্মবিশ্বাসী ছিল কংগ্রেস। দলের অভ্যন্তরীন সমীক্ষায় জানা যাচ্ছে, এখন সেই পরিস্থিতি ক্রমশ কঠিন হচ্ছে। এদিকে কেরলে প্রচারের সময় ক্রমশ কমে আসছে। সেখানে ভোট আগামী ৯ এপ্রিল। হাতে সময় আর মাত্র ১২ দিন। এর মধ্যে সোনিয়া গান্ধী অসুস্থ হয়ে পড়ায় রাহুল-প্রিয়াঙ্কার কর্মসূচিও ওলটপালট হয়ে গিয়েছে। তাই ক্রমেই স্নায়ুর চাপ বাড়ছে কংগ্রেসে।
গত মঙ্গলবার রাতে আচমকাই অসুস্থ বোধ করায় সোনিয়া গান্ধীকে নয়াদিল্লির স্যার গঙ্গারাম হাসপাতালে ভরতি করা হয়েছে। সেখানেই চিকিৎসাধীন। ধীরে ধীরে তিনি সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন চিকিৎসকরা। মায়ের অসুস্থতার কারণে প্রচার কমর্সূচি বাতিল করে হাসপাতালেই পড়ে রয়েছেন রাহুল-প্রিয়াঙ্কা। অন্যদিকে, কেরল এবার ভাইবোনের কাছে প্রেস্টিজ ফাইট। স্বয়ং প্রিয়াঙ্কা গান্ধী ওয়েনাড়ের সাংসদ। তার উপরে ২০১৬ এবং ২০২১—পরপর দু’বার কংগ্রেস হেরেছে। তৃতীয়বারও হারলে রাহুলের রাজনৈতিক কেরিয়ারে নিয়ে প্রশ্ন উঠতে পারে বলে মত রাজনৈতিক মহলের।
অসম, কেরল, পুদুচেরি, তামিলনাড়ু এবং পশ্চিমবঙ্গ—ভোটমুখী এই পাঁচ রাজ্যের মধ্যে কংগ্রেস একমাত্র কেরল নিয়েই আশাবাদী। কিন্তু সেখানেও লড়াই ক্রমশ কঠিন হচ্ছে। কারণ কংগ্রেসের পাশাপাশি বামেরাও কেরল দখলে মরিয়া। এই একটি রাজ্যই বামেদের বিশল্যকরণী! তাই পিনারাই বিজয়নের নেতৃত্ব সিপিএম কোনোভাবেই কেরল হাতছাড়া করতে চায় না। কংগ্রেসের ভোট ম্যানেজাররাও মনে করছেন, কেরলে বিজেপি গোপনে সিপিএমকে সাহায্য করছে। নিজেরা ক্ষমতায় আসতে না পারলেও কংগ্রেসকে আটকানোই মোদি-শাহের লক্ষ্য। ফলে কেরলের নির্বাচন ক্রমশ ক্রমশ ‘কাঁটে কি টক্করে’ পৌঁছচ্ছে বলেই মত এআইসিসির। উল্লেখ্য, কেরলে ২০১৬ সালের ভোটে কংগ্রেস ৮৭টি আসনে লড়ে জিতেছিল ২২টিতে। গতবার (২০২১ সালে) ৯৩ আসনে লড়ে জয় পায় ২১ আসনে।