• এসআইআর-বদলির পরও প্রশ্ন! একুশের নম্বর পার হবে তো? সংশয়ে বিজেপির নেতৃত্বই
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • দিব্যেন্দু বিশ্বাস, নয়াদিল্লি: এসআইআর নিয়ে হয়রানির অভিযোগ ভূরি ভূরি। নির্বাচনি নির্ঘণ্ট প্রকাশের পর বাংলায় একের পর এক প্রশাসনিক আধিকারিককে বদলি করেছে নির্বাচন কমিশন। এমনকি বেনজিরভাবে মধ্যরাতে বদলির নির্দেশও জারি করা হয়েছে। স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিযোগ করেছেন, বিজেপির অঙ্গুলিহেলনেই এসব করা হচ্ছে। কারণ, যেনতেন বাংলার দখল পেতে চাইছে গেরুয়া শিবির। কিন্তু এসআইআর-বদলির পরও কি ‘বাংলা জয়’ নিশ্চিত? এই প্রশ্ন উঠছে একেবারে বিজেপির অন্দরমহলেই। বাংলায় বিধানসভা ভোটের আর একমাসও বাকি নেই। এর মধ্যেই বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের একটি বড়ো অংশের সংশয়, ‘একুশের নম্বর পার হবে তো?’ 

    এর মূল কারণ, ২০২১ সালের বিধানসভা নির্বাচনে মুখ থুবড়ে পড়া। প্রচারে ‘অব কি বার, ২০০ পার’-এর স্লোগান তুলেছিল বিজেপি। বঙ্গ ব্রিগেড রীতিমতো আশ্বাস দিয়েছিল, চিন্তার কিছু নেই। বাংলা দখলে আসছেই। কিন্তু বাস্তবে এ রাজ্যে তিন অঙ্কেও পৌঁছাতে পারেনি দল। আর তার জন্য অমিত শাহের তীব্র বিস্ফোরণের মুখে পড়তে হয়েছিল ‘ভুল অঙ্ক’ পরিবেশন করা নেতাদের। এবার তাই প্রথম থেকেই বিশেষভাবে সতর্ক বিজেপি। পশ্চিমবঙ্গে বিধানসভা আসন জয়ের কোনো সম্ভাব্য ‘কমিটমেন্ট’ তারা করছে না। আর এর প্রেক্ষিতেই বিজেপির অন্দরে চর্চা শুরু হয়েছে, এই মুহূর্তে বিধানসভা ভোট হলেও কি রাজ্যে বিজেপির আসন আদৌ তিন অঙ্কে পৌঁছাবে? দলের শীর্ষ সূত্রে জানানো হয়েছে, মরিয়া হয়ে এপ্রশ্নের উত্তর চাইছে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব। চলতি মাসের শেষ থেকেই বাংলায় বিজেপির শীর্ষ নেতা-মন্ত্রীরা পুরোদমে নির্বাচনি প্রচারে নামছেন। প্রথমে অমিত শাহ, আর তারপর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং ৫ এপ্রিল বাংলার ভোট প্রচারে। কেন্দ্রীয় নেতৃত্বের নির্বাচনি প্রচার তুঙ্গে ওঠার পর ‘হাওয়া’ বিজেপির পক্ষে আরও কতটা ঘুরবে, ‘আপাতত আসন প্রাপ্তি’র নিরিখে সেটাই বুঝে নিতে চাইছে শীর্ষ নেতৃত্ব। কারণ সেইমতো বাংলায় বিজেপির কেন্দ্রীয় নেতা-মন্ত্রীদের প্রচারের অভিমুখ স্থির হবে। আর এহেন জবাব চাওয়ার প্রেক্ষিতেই সংশয় ঘনাচ্ছে দলের অন্দরে।

    দলীয় সূত্রে দাবি, এই মুহূর্তে রাজ্যের কমবেশি ৮০-৯০টি আসনে ভালো ফল হবে—এমনই রিপোর্ট দিল্লির নেতাদের দিচ্ছে বঙ্গ ব্রিগেড। কেন্দ্রীয় নেতৃত্ব পুরোদমে প্রচার শুরু করলে তা আরও কিছুটা বাড়বে, এমন সম্ভাবনা দেখছে বিজেপি। কিন্তু তা আদৌ ১০০-র গণ্ডি পেরবে কি না, তা নিয়ে সন্দিহান দলেরই একটি অংশ। নামপ্রকাশে অনিচ্ছুক বিজেপির এক নেতা জানিয়েছেন, ‘একদম শুরুতে ১১৩ থেকে ১১৫টি আসনে জয়ের সম্ভাবনা তৈরি হয়ে গিয়েছিল। কিন্তু রাজ্যে বিজেপির প্রার্থী তালিকা প্রকাশ হতেই এমন গোলমাল শুরু হল, একধাক্কায় সেই সম্ভাবনা নেমে এসেছে ৮০টি আসনে। তার উপর এসআইআর ও রান্নার গ্যাস নিয়ে হয়রানি রয়েছে। এখন কেন্দ্রীয় নেতৃত্বের প্রচার কৌশলের উপরই ভরসা রাখতে হবে। ভোটের এখনও মাসখানেক বাকি রয়েছে। ফলে সমীকরণ পালটাতে বাধ্য।’ প্রেস্টিজ ফাইটে আপাতত তাই আগামীর সম্ভাবনা-অঙ্কেই স্বস্তি পেতে চাইছে বিজেপি।
  • Link to this news (বর্তমান)