নিজস্ব প্রতিনিধি, বহরমপুর: মুর্শিদাবাদ বিধানসভা কেন্দ্রের বিধায়ক গৌরীশঙ্কর ঘোষ ৩ কোটি ৩০ লক্ষ টাকার অধিকাংশ অর্থই ব্যয় করেছেন। বিধায়ক তহবিলের টাকায় তিনি মোট ৯৭টি প্রকল্প রূপায়ণ করেছেন। বিজেপির বিধায়ক নিজের কাজ নিয়ে সন্তুষ্ট হলেও, সাধারণ মানুষ ও শাসকদল বিধায়কের কাজে খুশি নন।
বিধায়ক পঞ্চায়েত এবং পুরসভা এলাকাগুলিতে বেশ কিছু ছোট ছোট কংক্রিটের রাস্তা বানিয়েছেন এবং আলোর পোস্ট বসিয়েছেন। অধিকাংশ কাজের তিনি নির্দিষ্ট সময়ের মধ্যেই শেষ করেছেন। বেশ কিছু এলাকায় এবং স্কুলে পড়ুয়াদের জন্য আর্সেনিক ট্রিটমেন্ট ইউনিট বসিয়েছেন। যেগুলি করতে তার বিধায়ক তহবিলের প্রায় ৪ লক্ষ ৭২ হাজার টাকা করে খরচ হয়েছে। গ্রাম গঞ্জে ছোট ছোট কংক্রিটের রাস্তা তৈরিতে আড়াই লক্ষ টাকা থেকে সর্বোচ্চ সাড়ে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত খরচ করেছেন তিনি। তবে এলাকায় মানুষের সঙ্গে তার জনসংযোগ তুলনামূলক কম এলাকায় কাজ করলেও সাধারণ মানুষ সেই কাজ দেখতে পাননি বলেই অভিযোগ তুলছে। তবে বিজেপি এবার তাঁকে টিকিট দিয়ে লালবাগ বিধানসভায় প্রার্থী করেছে। বিদায়ী বিধায়ক হিসেবে মানুষকে যেভাবে পরিষেবা দেওয়া দরকার ছিল, সেই পরিষেবা দিতে ব্যর্থ গৌরীশঙ্কর, এমনই দাবি শাসকদলের।
তবে স্থানীয় বাসিন্দাদের দাবি, এলাকায় কিছু কিছু কাজ হয়েছে। তবে অধিকাংশ কাজ রাজ্য সরকারের তরফে করা হয়েছে বলে আমরা জানি। বিধায়ক কী করেছেন তা খুব একটা স্পষ্ট নয়। বিধায়ককে সব এলাকায় খুব একটা দেখা যায়নি।
গৌরীশঙ্করবাবু বলেন, প্রতিবছরের বিধায়ক কোটার অর্থ আমি নির্দিষ্ট সময় শেষ করেছি। ভোট প্রচারে বেরিয়ে যে সমস্ত এলাকায় মানুষ রাস্তাঘাট এবং আলোর দাবি করেছিল সেগুলি পূরণ করার জন্য আমি সর্বাধিক গুরুত্ব দিয়েছি। বহু কংক্রিটের রাস্তা এবং হাই মাস্ট লাইট লাগিয়েছি এলাকায়। গ্রামীণ অঞ্চলের পাশাপাশি আমি দু’টি পুরসভা এলাকায় প্রচুর কাজ করেছি। সেই কাজের নিরিখে মানুষ আবার ভোট দেবে বলে আমি আশাবাদী।
মুর্শিদাবাদ কেন্দ্রের তৃণমূল প্রার্থী শাওনি সিংহ রায় বলেন, বিজেপি মানুষের আশা পূরণে সম্পূর্ণ ব্যর্থ। এখানকার বিধায়ককে মানুষ সারা বছর দেখতেই পায়নি। বিপদে আপদে তাঁরা আমাদের কাছেই এসেছে। আমরা মানুষকে সার্বিকভাবে পরিষেবা দিয়েছি। রাজ্য সরকারের উন্নয়নের প্রকল্প যাতে প্রতিটি বাড়িতে পৌঁছে যায়, সে দিকে তদারকি করেছি। আজ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিষেবা এবং প্রকল্পে খুশি। আগামী দিনে মানুষ তৃণমূলকেই বেছে নেবে। বিধায়ক কোনো কাজই করেনি। এখন নির্বাচন এসেছে বলে মিথ্যা বুলি আওড়াচ্ছে। মানুষ জানে কারা কী কাজ করেছে।
সিপিএম সমর্থিত ফরওয়ার্ড ব্লক প্রার্থী আব্দুল মানান্ন বলেন, বিজেপির বিধায়ক গত পাঁচ বছরে কোনো কাজ করেননি। কোথাও কোনো কাজ চোখে পড়ে না। কাজের নিরিখে বিগ জিরো পাবেন। মানুষ আমাদের উপর এবার আস্থা রাখবেন। প্রচারে ভালো সাড়া পাচ্ছি। দুই সরকারের ব্যর্থতা তুলে ধরছি।