সংবাদদাতা, খড়্গপুর: থামতেই চাইছেন না দিলীপ ঘোষ। দু’দিন আগে পুলিশকে রাস্তা থেকে উঠিয়ে পটকে দেওয়ার হুমকি দিয়েছিলেন। এবার সেই পুলিশকে দিয়েই ‘এনকাউন্টার’ করানোর হুঁশিয়ারি দিলেন খড়্গপুর সদরের বিজেপি প্রার্থী। বিজেপি ক্ষমতায় এলে, উত্তরপ্রদেশের স্টাইলে পুলিশ এনকাউন্টার করবে বলে বৃহস্পতিবার মন্তব্য করেন দিলীপ। তাঁর মন্তব্য ঘিরে সরগরম জেলার রাজনীতি। নিন্দা করেছে প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলি।
এদিন সকালে খড়্গপুর শহরের ২৩ নং ওয়ার্ডের ইন্দা বাজার এলাকায় প্রচারে গিয়েছিলেন দিলীপ। সেখানে তিনি বলেন, ‘এবার তো লড়তে হবে না। ভেতরে ঢোকাব। ক্ষমতায় আসবে বিজেপি। পশ্চিমবাংলায় পরিবর্তন হবে। যে পুলিশ আজকে মাফিয়া-গুন্ডাদের সঙ্গে বসে চা খাচ্ছে, চোর নেতাদের চামচাগিরি করছে, সেই পুলিশ দেখবেন অন্যরূপে। উত্তরপ্রদেশের স্টাইলে এনকাউন্টার করবে! কিরকম ভেতরে ঢোকাবে। দেখে নেবেন। চার তারিখের পরে, মে মাসে সব পাল্টে যাবে।’
দিলীপের এই মন্তব্যের পরই শহরজুড়ে শোরগোল পড়ে গিয়েছে। প্রতিবাদ আর সমালোচনার ঢেউ উঠেছে বিভিন্ন মহলে। এমনকি, দিলীপবাবু যখন মাইক হাতে এই বক্তব্য দিচ্ছিলেন সেই সময়ই প্রতিবাদ করে ওঠেন স্থানীয় বাসিন্দাদের একাংশ। রাজু সিং নামে স্থানীয় এক বাসিন্দা বলেন, ‘এতদিন দেখা যায়নি। এখন কেন এসেছেন দিলীপ ঘোষ? এসব মন্তব্য করার জন্য?’ বাসিন্দাদের সমর্থন করে স্থানীয় তৃণমূল কর্মী চণ্ডী সিং, দেবু গাঙ্গুলি প্রমুখ বলেন, ‘এখানকার বাসিন্দারাও বুঝে গিয়েছে বিজেপি নেতাদের আসল চরিত্র! সাধারণ মানুষ এসব আর বরদাস্ত করবে না।’ ওই সভায় দিলীপ আরও বলেন, ‘তুমি পুলিশ দিয়ে চমকে ভোট করতে যাবে, তো আমি চমকাব না? চমকাব। চমকে চমকেই এতদিন রাজনীতি করেছি। খড়্গপুরের লোক সেজন্যই দিলীপ ঘোষকে ভোট দেয়। আবার দেবে।’
দিলীপের এই মন্তব্যের তীব্র বিরোধিতা করে খড়্গপুর সদরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকার বলেন, ‘শান্ত বাংলাকে অশান্ত করতে উত্তরপ্রদেশের এনকাউন্টার রাজনীতি আমদানি করতে চাইছেন দিলীপ ঘোষ। তবে, সাধারণ মানুষ তাঁর এইসব মন্তব্যে বিরক্ত। খড়্গপুরের শান্তিপ্রিয় মানুষ এবার দিলীপ ঘোষকে উপযুক্ত শিক্ষা দেওয়ার জন্য মুখিয়ে আছেন।’ প্রদীপ এও বলেন, ‘আমরা মানুষের কাছে যাচ্ছি উন্নয়নের কথা বলে। আর উনি এই সমস্ত বাজার-গরম করা মন্তব্য করে প্রচারে ভেসে থাকতে চাইছেন।