• বিজেপির মিছিলে সংঘর্ষ, ফেলে মার এসআইকে, রণক্ষেত্র বাসন্তী
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, দক্ষিণ ২৪ পরগনা:  ভোটের আগে রণক্ষেত্রের চেহারা নিল বাসন্তী। বিজেপির মিছিলের সময় তৃণমূলের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ উঠল। দু’পক্ষের মধ্যে ব্যাপক সংঘর্ষ শুরু হয়। ঝামেলা ঠেকাতে গিয়ে আক্রান্ত হয় পুলিশ। বাসন্তী থানার সাব ইনস্পেক্টর সৌরভ গুহকে মাটিতে ফেলে বাঁশ লাঠি দিয়ে মারধর করা হয় বলে অভিযোগ। আরও সাত কনস্টেবল কমবেশি আহত হয়েছেন। তাঁদের বাসন্তী হাসপাতালে ভরতি করা হয়েছে। আটজনকে গ্রেপ্তার করা হয়েছে। বারুইপুর পুলিশ জেলার সুপার শুভেন্দ্র কুমার বলেন, পুলিশের উপর হামলা সহ এলাকায় অশান্তি সৃষ্টি করার জন্য এদের চিহ্নিত করা হয়েছিল। কেউ ইন্ধন দিয়েছিল কি না দেখা হচ্ছে। জড়িতদের বাড়ি বাড়ি অভিযান চালিয়ে ধরা হবে। কেউ ছাড় পাবে না।

    বিজেপির দাবি, পূর্বনির্ধারিত কর্মসূচি অনুযায়ী সোনাখালি এলাকায় মিছিলের আয়োজন করা হয়েছিল। বিভিন্ন রাস্তা পরিক্রমা করার সময় হঠাৎ কিছু দুষ্কৃতী মিছিলে আক্রমণ চালায় বলে অভিযোগ। হামলার পিছনে তৃণমূল কংগ্রেস সমর্থিত দুষ্কৃতীরা জড়িত। ঘটনার জেরে এলাকায় চরম উত্তেজনা তৈরি হয়। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে উপস্থিত হয় বাসন্তী থানার পুলিশ। তাদের সঙ্গেও বচসা বাধে বলে জানা গিয়েছে। পরিস্থিতি ক্রমশ উত্তপ্ত হতে থাকে। দুই দলের কর্মী-সমর্থকরা মারমুখি হয়ে ওঠে। সেই সময় পুলিশ গিয়ে উত্তেজিত লোকজনকে সরানোর চেষ্টা করলে তা ব্যর্থ হয়। বাসন্তী থানার ওই সাব ইনস্পেক্টর সাদা পোশাকে থাকায় তাঁকে ফেলে মারা হয় বলে অভিযোগ। পালিয়ে বাঁচতে হয় সেই পুলিশ অফিসারকে। একের পর এক বাইক ভাঙচুর করা হয়। গোলমাল থামলেও এলাকা থমথমে হয়ে রয়েছে। টহলদারি শুরু হয়েছে। সুপারের নেতৃত্বে গোটা এলাকায় রুট মার্চ করে পুলিশ। 

    ভোটের আগে যেভাবে বাসন্তী উত্তপ্ত হল তাতে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। তবে যেভাবে পুলিশ এদিন আক্রান্ত হল তার নিন্দা করেছে সব দলই। বাসন্তী বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী বিকাশ সর্দার তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেন, এদিন বাসন্তীতে গণতন্ত্রকে হত্যা করা হয়েছে। আমাদের শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হয়েছে। পুলিশ প্রশাসন সম্পূর্ণ নিষ্ক্রিয় ছিল। যদিও অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল। বাসন্তী পঞ্চায়েত সমিতির পূর্ত কর্মাধ্যক্ষ রাজা গাজি বলেন, বিজেপি কী বলছে সেটার গুরুত্ব দেব না। প্রশাসন নিরপেক্ষ তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার করুক।
  • Link to this news (বর্তমান)