• ‘একবার সুযোগ দিয়ে দেখুন...’ শহর থেকে শহরতলি—প্রচারে কাকুতি মিনতি বিজেপির
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ‘দাদা একবার সুযোগ দিন, প্লিজ।’ ভোট প্রচারে বিজেপির সজল ঘোষ থেকে শুরু করে রিতেশ তিওয়ারি, পূর্ণিমা চক্রবর্তী থেকে বিজয় ওঝা কিংবা টালিগঞ্জে পাপিয়া অধিকারী, সর্বত্র বিজেপি প্রার্থীদের প্রচারে এই অনুরোধ, কাকুতি-মিনতিই শোনা যাচ্ছে। তৃণমূল কংগ্রেসের অভিযোগ, উন্নয়নের মোকাবিলায় ইস্যু হাতড়ে বেড়াচ্ছে গেরুয়া শিবির। তাই সবকিছু ভুলে ‘একবার সুযোগ...’ পাওয়ার আকুতি তাঁদের গলায়। ঘাসফুল শিবিরের দাবি, ত্রিপুরা থেকে শুরু করে অসম কিংবা ওড়িশা, বিহার থেকে উত্তরপ্রদেশ, সর্বত্র ডবল ইঞ্জিনের সরকার বেকারত্ব বাড়িয়েছে, উধাও নারী সুরক্ষা। তার জন্য বিজেপির ‘একবার সুযোগ’ আবেদনের বদলে বিজেপি শাসিত রাজ্যের ব্যর্থতাগুলিকে সামনে তুলে আনছেন জোড়াফুল প্রার্থীরা। 

    বিধানসভা নির্বাচনের প্রচার পর্বে বরানগর অঞ্চলে পাড়ার-পাড়ায়, বাজারে বাজারে ঘুরে মাইক হাতে সজল ঘোষের প্রচার নজর কেড়েছে। বিজেপি প্রার্থীকে বারবার বলতে শোনা গিয়েছে, ‘দাদা একবার সুযোগ দিন’ কিংবা ‘একবার সুযোগ দিয়ে দেখুন প্লিজ’ ইত্যাদি প্রচার বার্তা। প্রচারের বিভিন্ন ইস্যু ছেড়ে আচমকাই যেন মুখ্য হয়ে উঠেছে ‘একবার সুযোগ’য়ের আকুতি। বছর দু’য়েক আগে বরানগর কেন্দ্রের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সজল ঘোষকে হারিয়ে বিধায়ক হয়েছিলেন তৃণমূলের সায়ন্তিকা বন্দ্যোপাধ্যায়। তারপর বরানগরবাসীর জন্য তিনি কী করেছেন, কতটা কাজ হয়েছে, তার হিসেবনিকেশ ভোটবাক্সে হবে। কিন্তু এসবের মধ্যেই সজল ঘোষের প্রচারে লাগাতার ‘একবার সুযোগ...’ পাওয়ার কাকুতিমিনতিই যেন মুখ্য প্রচারবার্তা হয়ে উঠেছে। যা রাজনৈতিক প্রতিপক্ষকে রসদের জোগান দিচ্ছে। শুধু সজল ঘোষ নয়, শ্যামপুকুরের বিজেপি প্রার্থী পূর্ণিমা চক্রবর্তীও দোরে দোরে যাচ্ছেন ‘একবার সুযোগ...’ মেলার আশায়। তাঁর প্রতিপক্ষ তৃণমূলের শশী পাঁজা। রাজ্যের বিদায়ী মন্ত্রী। আরজি করের মতো ধর্ষণের ঘটনা থেকে শুরু নারী পাচারের মতো অভিযোগগুলিকে সামনে রেখে প্রচার চালাচ্ছেন পাথুরিয়াঘাটার রাধামোধব মন্দিরের সেবায়েত পূর্ণিমাদেবী। তাঁর কথায়, উনি (শশী) একজন নারী, মন্ত্রী হয়ে আরজি কর ইস্যুতে একবারও মুখ খোলেননি। যেভাবে পশ্চিমবঙ্গে নারী ও শিশু পাচার বেড়েছে তাতে নারী ও শিশুকল্যাণ মন্ত্রী হিসেবে শশী পাঁজা ব্যর্থ। তাই আমরা বলছি, বিজেপিকে একবার সুযোগ দিয়ে দেখুন। পাল্টা কটাক্ষ করতে ছাড়েননি শশী পাঁজা। তাঁর কটাক্ষ, হাতরাস থেকে উন্নাও, উত্তরপ্রদেশ থেকে মহারাষ্ট্র কিংবা বিহার বা ওড়িশা, সর্বত্র বিজেপি শাসিত রাজ্যে নারী নির্যাতন, ধর্ষণের ঘটনা বেড়েছে। তারাই আবার নারী সুরক্ষার কথা বলে কোন মুখে! শশীর কথায়, গণমাধ্যম ও সমাজমাধ্যমের সৌজন্যে আমরা সবাই জানি, বিজেপি শাসিত রাজ্যে নারী সুরক্ষা কতটা উপেক্ষিত। লাখো মানুষ নিখোঁজ। তার উপর ডবল ইঞ্জিনের রাজ্যে ডবল ডবল বেকারত্ব। ওরা একবার সুযোগ পেলে বাংলাতেও সেই অবস্থা হবে।  

    বিজেপির এই প্রচার রসদ জুগিয়েছে সোশ্যাল মিডিয়ার মিম কারবারিদের। ধর্মীয় বিভাজন থেকে শুরু করে জাতপাতের বিভেদ, বিজেপির ‘একবার সুযোগ...’ পাওয়ার প্রচারের মিম ভাইরাল সামাজিক মাধ্যমে। একটিতে লেখা, ‘মাছ, মাংস, ভাত, ডাল তো অনেক খেলেন...। এবার একবার ফলিডল খেয়ে দেখুন না!’
  • Link to this news (বর্তমান)