নিজস্ব প্রতিনিধি, চুঁচুড়া: দলীয় প্রার্থীদের নিয়ে দিকে দিকে বিজেপির অন্দরেই ক্ষোভ বাড়ছে। সেই তালিকায় নবতম সংযোজন চন্দননগর। বুধবার ওই কেন্দ্রে দীপাঞ্জন গুহকে বিজেপি প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। তিনি বিজেপির রাজ্যস্তরের নেতা। তাঁর নাম ঘোষণা হওয়ার পরেই বুধবারই চকবাজারের রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ হয়। বৃহস্পতিবারও বিক্ষোভ অব্যাহত রইল। দলের একাংশ কর্মীরা দীপাঞ্জনবাবুকে প্রার্থী হিসেবে মানতে চাইছেন না। তাঁদের দাবি, বৈঠকে বার বার দীপাঞ্জনকে প্রাথী না করার জন্য বলা হয়েছিল। তারপরেও রাজ্যের নেতারা তাঁকে প্রার্থী করে আমাদের উপর চাপিয়ে দিয়েছেন।
এর আগে বলাগড়ের বিজেপি প্রার্থী সুমনা সরকারকে নিয়েও বিক্ষোভ হয়েছে। বিক্ষোভের জেরে বিজেপির জেলা অফিসও ভাঙচুর করা হয়। এবার ফের আর একজনকে নিয়ে বিক্ষোভ হল। গোটা ঘটনায় বেশ বিড়ম্বনায় পড়েছে বিজেপি। এই বিষয়ে প্রার্থী দীপাঞ্জন কিছু মন্তব্য করতে চাননি। আর বিজেপির জেলা সভাপতি গৌতম চট্টোপাধ্যায় বললেন, কর্মীরা আবেগ দিয়ে দল করেন। তাই নানা প্রতিক্রিয়া হতে পারে। তা সামনে না আসাই বাঞ্ছনীয়।