নিজস্ব প্রতিনিধি, হাওড়া: বালি বিধানসভা কেন্দ্রে নির্বাচনী প্রচারের মাঝেই সদ্য বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন এক কর্মী। বৃহস্পতিবার তাঁর উপর হামলার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। যদিও সেই অভিযোগ অস্বীকার করে বিজেপি পালটা তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ করেছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায়। দু’পক্ষই বালি থানায় বিক্ষোভ দেখিয়ে লিখিত অভিযোগ দায়ের করেছে। এই ঘটনায় দু’জনকে আটক করেছে পুলিশ।
তৃণমূল সূত্রে জানা গিয়েছে, বুধবার সন্ধ্যায় বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচার চলাকালীন এই ঘটনা ঘটে। অভিযোগ, বিজেপির কয়েকজন কর্মী সদ্য তৃণমূলে যোগ দেওয়া যুবক রণবীর দোলুইয়ের বাড়িতে ঢুকে তাঁকে মারধর করে এবং পরিবারের সদস্যদের গালিগালাজ করার পাশাপাশি ভাঙচুর চালায়। এই ঘটনার প্রতিবাদে বুধবার রাতেই বালি থানায় বিক্ষোভ দেখান তৃণমূলের কর্মীরা। বিক্ষোভে নেতৃত্ব দেন দলের প্রার্থী কৈলাশ মিশ্র। পরে পুলিশ দুই অভিযুক্তকে আটক করলে পরিস্থিতি কিছুটা শান্ত হয় এবং তৃণমূল কর্মীরা অবস্থান তুলে নেন। এই প্রসঙ্গে কৈলাশ মিশ্রের অভিযোগ, বিজেপি প্রার্থীর মদতেই বহিরাগতদের এনে এই হামলা চালানো হয়েছে। তিনি বলেন, ‘আমাদের কর্মীকে মারধর করা হয়েছে, পরিবারের লোকজনকে অপমান করা হয়েছে। আমরা পালটা পথে না গিয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছি। এর জবাব মানুষ ভোটে দেবে।’
অন্যদিকে, বিজেপির বালি কেন্দ্রের প্রার্থী সঞ্জয় সিং সমস্ত অভিযোগ অস্বীকার করেন। উলটে তিনি তৃণমূলের বিরুদ্ধেই হামলার অভিযোগ তুলেছেন। তাঁর দাবি, ‘আমাদের মহিলা মোর্চার এক নেত্রীর বাড়িতে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা ভাঙচুর চালিয়েছে। সেই ঘটনা চাপা দিতেই গল্প সাজিয়ে আমাদের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে।’ বিজেপির তরফেও এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, দু’পক্ষের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ইতিমধ্যেই দু’জনকে আটক করে পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। প্রসঙ্গত, কয়েকদিন আগেই বিজেপির যুব নেতা রণবীর দোলুই প্রার্থী নিয়ে অসন্তোষ ব্যক্ত করে দল ছেড়ে তৃণমূলে যোগ দেন। ওই ঘটনাকে ঘিরে এলাকায় রাজনৈতিক উত্তেজনা বাড়ছিল। এদিনের ঘটনার পর নির্বাচনী আবহে বালিতে সেই উত্তেজনা আরও তীব্র হল।