• ঘোষণা হয়নি বিজেপি ও কংগ্রেস প্রার্থী, প্রচারে এগিয়ে থাকার সুবিধা নিতে চায় তৃণমূল
    বর্তমান | ২৭ মার্চ ২০২৬
  • সংবাদদাতা, উলুবেড়িয়া: বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার পর বিভিন্ন রাজনৈতিক দল তাদের প্রার্থীদের নাম ঘোষণা করেছে। উলুবেড়িয়া পূর্ব বিধানসভা কেন্দ্রেও তৃণমূল এবং আইএসএফ তাদের প্রার্থীদের নাম জানিয়ে দিয়েছে। তবে বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত বিজেপি এবং কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা হয়নি। এই কেন্দ্রে তৃণমূল অনেক আগেই প্রার্থী হিসাবে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নাম জানিয়েছে। আর বুধবার রাতে আনসার আলি সেখের নাম প্রার্থী হিসাবে ঘোষণা করেছে আইএসএফ। ফলে সবার আগে প্রার্থীর নাম ঘোষণা করে এগিয়ে থাকার সুযোগটাকে হাতছাড়া করতে রাজি নয় তৃণমূল। তাই নাম ঘোষণার পরই জোরকদমে জনসংযোগ শুরু করেছেন তৃণমূল প্রার্থী। গত বিধানসভা নির্বাচনে উলুবেড়িয়া পূর্ব কেন্দ্রের তৃণমূল প্রার্থী বিদেশ বসু বিজেপি প্রার্থী প্রত্যুষ মণ্ডলকে ১৭ হাজার ১২৬ ভোটে পরাজিত করেছিলেন। বিদেশ বসু পেয়েছিলেন ৮৬ হাজার ৫২৬ ভোট। আর প্রত্যুষ মণ্ডল পেয়েছিলেন ৬৯ হাজার ৪০০ ভোট। অপরদিকে আইএসএফ প্রার্থী পেয়েছিলেন ৩০ হাজার ৪৫৮ ভোট। এবারের নির্বাচনে তৃণমূল এই কেন্দ্রে বিদেশ বসুর জায়গায় ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী করেছে। এখনও অনেক বিরোধী রাজনৈতিক দলের প্রার্থীদের নাম না ঘোষণা হওয়া প্রসঙ্গে ঋতব্রত বলেন, বিরোধীদের প্রার্থী নিয়ে আমাদের ভেবে লাভ নেই। আমাদের দলের অ্যাজেন্ডা নিয়ে আমরা এগিয়ে যাচ্ছি। আর আইএসএফ প্রার্থী আনসার আলি বলেন, বুধবার রাত থেকেই দেওয়াল লিখনের পাশাপাশি বুথে বুথে প্রচার শুরু হয়েছে। তবে যেহেতু আমরা বামেদের জোট সঙ্গী, তাই বাম এবং আইএসএফ নেতৃত্ব বসে পরবর্তী প্রচারের বিষয় ঠিক করবে। প্রার্থী ঘোষণা না হওয়া প্রসঙ্গে বিজেপির হাওড়া গ্রামীণ জেলা সভাপতি দেবাশিস সামন্ত বলেন, খুব সম্ভবত আজ, শুক্রবার প্রার্থীর নাম ঘোষণা হতে পারে। তবে প্রার্থীর নাম ঘোষণা না হলেও পদ্মফুল প্রতীককে সামনে রেখে কর্মীরা প্রচার শুরু করে দিয়েছেন। আর প্রদেশ কংগ্রেসের সম্পাদক তাপস কোদালি বলেন, শীঘ্র প্রার্থীদের নাম ঘোষণা হবে, আর তারপরেই জোরকদমে প্রচার শুরু হয়ে যাবে।  নিজস্ব চিত্র
  • Link to this news (বর্তমান)