আবার নিষিদ্ধ শব্দবাজি বাজেয়াপ্ত বারুইপুরে, গ্রেপ্তার বাড়ির মালিক
বর্তমান | ২৭ মার্চ ২০২৬
সংবাদদাতা, বারুইপুর: ফের ভোটের আগে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করল বারুইপুর থানার পুলিশ। সোলগোয়ালিয়া এলাকায় একটি বাড়ির দোতলা ঘরে মজুত ছিল চকোলেট বোমা। গোপন সূত্রে খবর পেয়ে সেখানে তল্লাশি চালিয়ে পুলিশ পায় ১০০ কেজি চকোলেট বোমা সহ বোমা তৈরির সরঞ্জাম। গ্রেপ্তার করা হয়েছে বাড়ির মালিককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম মহেন্দ্র সর্দার। কেন তিনি চকোলেট বোমা মজুত করেছিলেন, তা পুলিশ তদন্ত করে দেখছে। পাশাপাশি এর সঙ্গে আর কারা জড়িত তাও দেখা হচ্ছে। প্রসঙ্গত, এর আগেও পুলিশ হাড়ালে তল্লাশি চালিয়ে নিষিদ্ধ শব্দবাজি উদ্ধার করেছিল। বারুইপুর পুলিশ জেলার এক আধিকারিক বলেন, অভিযান জারি থাকবে।