থাকছে কেন্দ্রীয় বাহিনী, অন্য স্কুলে ক্লাস পড়ুয়াদের
বর্তমান | ২৭ মার্চ ২০২৬
সংবাদদাতা, বনগাঁ: ভোটের জন্য আসা কেন্দ্রীয় বাহিনী রয়েছে তাদের স্কুলে। ফলে বন্ধ স্কুল। এমন অবস্থায় ছাত্রছাত্রীদের কথা মাথায় রেখে বিকল্প ব্যবস্থা নিল গোপালনগর পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়। এলাকার একটি বন্ধ স্কুলে পড়ুয়াদের ক্লাস করার ব্যবস্থা করেছে কর্তৃপক্ষ! শিক্ষক-শিক্ষিকাদের দাবি, ছাত্র-ছাত্রীদের ভবিষ্যতের কথা ভেবে তাঁরা এই উদ্যোগ নিয়েছেন। এতে খুশি ছাত্র-ছাত্রী এবং অভিভাবকরা। জানা গিয়েছে, স্থানীয় দেবরানি বালিকা বিদ্যালয়ে পড়ুয়াদের পঠন-পাঠনের ব্যবস্থা করেছেন শিক্ষকরা।
নির্বাচনের আগেই এরাজ্যে কেন্দ্রীয় বাহিনী এসে পৌঁছেছে। বনগাঁ পুলিশ জেলায় ছয় কোম্পানি বাহিনী এসেছে। পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ে কেন্দ্রীয় বাহিনীর বেশ কিছু সদস্য রয়েছেন। ফলে স্কুল বন্ধ হয়ে গিয়েছে। এদিকে দ্রুত সিলেবাস শেষ করতে এলাকাতেই বন্ধ একটি স্কুলে পড়াশোনা শুরু হয়। জানা গিয়েছে, পাল্লা কালীপদ চক্রবর্তী উচ্চ বিদ্যালয়ে ছাত্রছাত্রী সংখ্যা প্রায় দেড় হাজার। সামনেই প্রথম সেমেস্টারের পরীক্ষা। তবে প্রথম সেমেস্টারের পরীক্ষা নিয়ে সংশয়ে শিক্ষক ও অভিভাবকরা। স্কুলের প্রধান শিক্ষক শেখর বিশ্বাস বলেন, ভোটের আবহে কেন্দ্রীয় বাহিনীর জন্য স্কুল বন্ধ। এমন অবস্থায় পড়ুয়াদের স্কুলমুখী রাখতে বিকল্প ব্যবস্থা নেওয়া হয়েছে।