• ‘৬০ দিনের তেল, এক মাসের LPG মজুত’, যুদ্ধ শুরুর পর প্রথমবার জ্বালানির তথ্য প্রকাশ কেন্দ্রের
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের (War in West Asia) জেরে জ্বালানি সরবরাহে টান পড়েছে। তবে শুরু থেকেই ‘চিন্তার কিছু নেই’ বলে আশ্বস্ত করে চলেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কিন্তু তার পরেও চিন্তা কমছে না। এর মধ্যেই বৃহস্পতিবার কেন্দ্রীয় সরকার জানাল, এই মুহূর্তে দেশে ৬০ দিনের অপরিশোধিত তেল এবং জ্বালানি মজুত (fuel and LPG supplies fully secure) রয়েছে। রয়েছে ৮ লক্ষ টন LPG গ্যাস। তাই কেন্দ্রীয় সরকারের দাবি, আতঙ্কিত হওয়ার কিছু নেই।

    ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরু হয়েছে। তার পর থেকেই হরমুজ় প্রণালী বন্ধ। এই পথেই পশ্চিম এশিয়ার দেশ থেকে জ্বালানি আমদানি করে ভারত। ফলে সরবরাহে ভাঁটা পড়েছে। দাম বাড়ছে চড়চড়িয়ে। ছড়াচ্ছে নানা রকমের খবর। এই আবহে প্রথম বার দেশে মজুত জ্বালানি তেল এবং গ্যাসের তথ্য প্রকাশ করল পেট্রোলিয়াম মন্ত্রক। গত কয়েক দিন ধরেই পেট্রল পাম্প এবং LPG ডিস্ট্রিবিউটারদের কাছে লম্বা লাইনের খবর সামনে আসছিল। তাই এই তথ্য দিয়ে কেন্দ্রীয় সরকার জানিয়েছে, দেশের মোট মজুত ক্ষমতা ৭৪ দিনের। তবে আপাতত ৬০ দিনের মজুতই রয়েছে।

    দেশে প্রতিদিন ৮০ হাজার মেট্রিক টন LPG-র প্রয়োজন হয়। রান্নার গ্যাসের জোগান বজায় রাখতে ইতিমধ্যেই ঘরোয়া উৎপাদন ৪০ শতাংশ বাড়ানো হয়েছে। পাশাপাশি জারি রয়েছে আমদানিও। কেন্দ্রীয় সরকারের দেওয়া পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে দেশে ৮ লক্ষ মেট্রিক টন LPG মজুত রয়েছে, যা দিয়ে অনায়াসে এক মাসের চাহিদা পূরণ করা সম্ভব। আরও ৮০০ হাজার মেট্রিক টন গ্যাস আমদানি করা হচ্ছে।

    LPG সঙ্কটের মধ্যেই PNG গ্যাস কানেকশন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় সরকার। এর পরে বিভ্রান্তি ছড়ায়। তবে এর সঙ্গে LPG সঙ্কটের কোনও যোগসূত্র নেই বলে দাবি করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। বিবৃতিতে বলা হয়েছে, ‘LPG ফুরিয়ে যাচ্ছে বলে PNG কানেকশন বাড়ানো হচ্ছে, এই খবর ভিত্তিহীন।’ ভারতীয় তেল সংস্থাগুলি প্রতিদিন ৫০ লক্ষ গ্যাস সিলিন্ডার সরবরাহ করছে বলেও জানিয়েছে কেন্দ্রীয় সরকার।

    এই প্রেক্ষিতেই তেল এবং গ্যাসের জোগান নিয়ে ভুয়ো তথ্য ছড়ালে কড়া পদক্ষেপের হুঁশিয়ারিও দিয়েছে পেট্রোলিয়াম মন্ত্রক। বিবৃতিতে স্পষ্ট ভাষায় বলা হয়েছে, ‘তেল এবং গ্যাসের জোগান নিয়ে ভুয়ো খবর ছড়িয়ে জনমানসে উদ্বেগ তৈরির চেষ্টা হচ্ছে। এমন ঘটনা প্রশাসনের নজরে এলে আইনানুগ ভাবে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’

  • Link to this news (এই সময়)