• অগ্নিবীরদের জন্য রাজ্যের চাকরিতে ২০% সংরক্ষণ? মুখ্যমন্ত্রীদের চিঠি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • এই সময়, নয়াদিল্লি: ভারতীয় সেনায় কর্মরত ‘অগ্নিবীর’-দের জন্য সরকারি চাকরির ২০ শতাংশ সংরক্ষিত রাখতে হবে রাজ্যগুলিকে, এমনটাই চাইছে কেন্দ্রীয় সরকার৷ এই বিষয় নিয়ে সব রাজ্যের মুখ্যমন্ত্রীদের চিঠি লিখেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ৷ আগামী বছর অর্থাত্‍ ২০২৭ সালে চার বছরের চাকরির মেয়াদ শেষ করবেন ভারতীয় সেনায় চুক্তিভিত্তিক নিয়োগে কর্মরত প্রথম ব্যাচের ‘অগ্নিবীর’রা৷

    তারপরেই তাঁদের নিয়োগ করতে হবে বিভিন্ন রাজ্যের সরকারি চাকরিতে, এমনটাই চাইছে কেন্দ্র৷ রাজ্যের বন, দমকল, পুলিশ কনস্টেবল, অশ্বারোহী বাহিনী, জেলরক্ষী বাহিনী, বিপর্যয় মোকাবিলা দপ্তর, খনিরক্ষীর মতো সেক্টরগুলিতে ‘অগ্নিবীর’দের জন্য ২০% চাকরির সংরক্ষণ করা যেতে পারে বলে মুখ্যমন্ত্রীদের লেখা চিঠিতে উল্লেখ করেছেন শাহ, দাবি সরকারি সূত্রে৷ এর আগে হরিয়ানা এবং উত্তরাখণ্ড নিজেদের রাজ্যের ‘অগ্নিবীর’দের জন্য সরকারি চাকরিতে ২০% সংরক্ষণ নীতি প্রয়োগ করে ফেলেছে বলেও উল্লেখ করা হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর চিঠিতে।

    ভারতীয় সেনায় চার বছরের চুক্তিভিত্তিক নিয়োগ–পর্ব শেষ করার পরে ‘অগ্নিবীর’রা কোথায় চাকরি পাবেন, প্রশ্ন তুলেছিল বিরোধী শিবির৷ সেই সময়ে ‘অগ্নিবীর’দের চাকরি নিয়ে আশ্বাস দিলেও এখন কেন মোদী সরকার এই চাকরির দায় রাজ্যগুলির ঘাড়ে চাপাতে চাইছে? প্রশ্ন তুলতে শুরু করেছে বিরোধী শিবির৷ প্রয়োজনে এই ইস্যুতে সংসদের চলতি বাজেট অধিবেশনেও সরব হতে পারেন বিরোধী শিবিরের সাংসদরা৷ রেলে ২৮০১ পদে নিয়োগ, সহজেই আবেদন, কী যোগ্যতা প্রয়োজন?

    শাহের লেখা এই চিঠির পরিপ্রেক্ষিতে বিরোধী–শাসিত রাজ্যগুলি কী অবস্থান গ্রহণ করে, সে দিকেই তাকিয়ে রাজনৈতিক মহল৷ বিরোধী শাসিত রাজ্যগুলির মধ্যে পশ্চিমবঙ্গ, কেরালা এবং তামিলনাড়ুতে এখন বিধানসভা ভোট৷ এই ভোটপর্ব মিটলে ‘অগ্নিবীর’দের জন্য রাজ্য সরকারি চাকরিতে ২০% সংরক্ষণ নীতি প্রয়োগ ভাবনা নিয়ে এই তিনটি রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট হতে পারে৷ এই ইস্যুতে কর্নাটক, হিমাচল প্রদেশ, ঝাড়খণ্ড এবং পাঞ্জাবের মতো বিরোধী শাসিত রাজ্যগুলি কী অবস্থান নেয়, সেটাও দেখার।

  • Link to this news (এই সময়)