• ধান জমিতে পড়ে বিশাল দাঁতালের নিথর দেহ, জঙ্গলমহলে ফের হাতি-মৃত্যু ঘিরে চাঞ্চল্য
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • সাতসকালে মাঠে গিয়েই মাথায় হাত বাসিন্দাদের । ধান জমিতে পড়ে বিশাল দাঁতালের নিথর দেহ! জঙ্গলমহলে ফের হাতির মৃত্যু ঘিরে চাঞ্চল্য এলাকায়। ঘটনাটি ঘটেছে মেদিনীপুর ডিভিশনের চাঁদড়া রেঞ্জের অধীন, মেদিনীপুর সদর ব্লকের শিরষি এলাকায়। পূর্ণবয়স্ক ওই হাতির মৃত্যুর খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছেছেন পুলিশ ও বনদপ্তরের কর্মীরা। কী ভাবে মৃত্যু হলো ওই হাতিটির? তদন্ত শুরু করেছে বনদপ্তর।

    চাঁদড়া সংলগ্ন শিরষির ওই এলাকায়, মাঠে বিঘার পর বিঘা জমিতে বোরো ধানের চাষ হয়েছে। চাঁদড়া রেঞ্জে থাকা প্রায় ২০-২২টি হাতি গত কয়েকদিন ধরেই সন্ধ্যার পর কচি বোরো ধান খেতে নেমে পড়ছে মাঠে। বৃহস্পতিবার রাতেও তাণ্ডব চালাচ্ছিল তারা। শুক্রবার সকালে এলাকার বাসিন্দারা মাঠে গিয়ে দেখেন, বোরো ধানের জমির উপর পড়ে একটি বিশালদেহী দাঁতালের নিথর দেহ! মুহূর্তের মধ্যে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁরাই খবর দেন বনদপ্তরে।

    স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হাতি মৃত্যুর খবর পেয়ে সকাল ৯টা নাগাদ চাঁদড়া রেঞ্জের আধিকারিক ও কর্মীরা সেখানে পৌঁছন। পৌঁছেছেন গুড়গুড়িপাল থানার পুলিশ কর্মীরাও। চাঁদড়া রেঞ্জের রেঞ্জ অফিসার লক্ষ্মীকান্ত মাহাত বলেন, ‘একটি পূর্ণবয়স্ক হাতির মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খতিয়ে দেখা হচ্ছে। নিয়ম মেনেই ময়নাতদন্ত করা হবে। সেই প্রস্তুতি নেওয়া হচ্ছে।’

    বনদপ্তরের প্রাথমিক অনুমান, অতিরিক্ত খাবার খাওয়ার ফলে অথবা বোরো ধানে দেওয়া কীটনাশকের বিষক্রিয়ায় মৃত্যু হয়েছে হাতিটির। মৃত হাতিটিকে শেষ বিদায় জানাতে বহু মানুষ ভিড় জমিয়েছেন ওই মাঠে। উল্লেখ্য, জেলার বৃহস্পতিবার ঝাড়গ্রামেও একটি হস্তিশাবকের মৃত্যু হয়েছে।

  • Link to this news (এই সময়)