• ISF-TMC সংঘর্ষের পরে ফের উত্তেজনা, উদ্ধার তাজা বোমা, ভাঙড় আছে ভাঙড়েই
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • বৃহস্পতিবার রাতেই উত্তপ্ত হয় ভাঙড়। তৃণমূল কংগ্রেস ও আইএসএফ কর্মী-সমর্থকদের সংঘর্ষে উত্তেজনা ছড়ায় পোলেরহাট থানার পাকাপোল এলাকায়। পুলিশের তৎপরতায় পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ার পরে শুক্রবার সকালে বোমা উদ্ধারকে কেন্দ্র করে ফের উত্তেজনা ভাঙড়ে।

    সূত্রের খবর, ভাঙড়ের চালতাবেড়িয়া অঞ্চলের দক্ষিণ বামুনিয়া এলাকায় উদ্ধার হয় তাজা বোমা। কলাবাগান থেকে দুটি প্লাস্টিকের ব্যাগ ভর্তি বোমা উদ্ধার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বিজয়গঞ্জ থানার পুলিশ। ইতিমধ্যেই এলাকা ঘিরে তল্লাশি শুরু হয়েছে।

    উল্লেখ্য, কয়েকদিন আগেই এই একই এলাকায় ভয়াবহ বোমা বিস্ফোরণ হয়। তার কিছুদিনের মধ্যেই একটি পুকুর থেকে উদ্ধার হয় একটি আগ্নেয়াস্ত্র ও একাধিক বোমা। পরের পর এই ঘটনায় এলাকায় ফের চরম আতঙ্ক ছড়িয়েছে। পুলিশের প্রাথমিক অনুমান, নির্বাচনের আগে এলাকায় মজুত রাখা হচ্ছিল বোমা। পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে।

    বৃহস্পতিবার রাতে পোলেরহাট থানার পাকাপোল এলাকায় সংঘর্ষে জড়িয়ে পড়ে তৃণমূল ও আইএসএফের কর্মীরা। একাধিক গাড়ি ও পে-লোডারে ভাঙচুর করা হয় বলে অভিযোগ। আইএসএফের অভিযোগ, পাকাপোলের পাশে গাবতলায় একটি নির্বাচনী প্রচার ছিল আইএসএফ প্রার্থী নওশাদ সিদ্দিকির। অভিযোগ, সেই কর্মসূচি সেরে ফেরার পথে তৃণমূল নেতা খাইরুল ইসলামের নেতৃত্বে আইএসএফ কর্মীদের মারধর করা হয়। পাল্টা আইএসএফ কর্মীদের বিরুদ্ধে খাইরুল ইসলামের জেসিবি ও দু’টি পিক্যাপ ভ্যান ভাঙচুর করা হয় বলে অভিযোগ।

  • Link to this news (এই সময়)