• সিপিএমকে নিয়ে সাবধানী, পুজো দিয়েই পানিহাটিতে প্রচার শুরু নির্যাতিতার মা-বাবার
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  •  অশীন বিশ্বাস, পানিহাটি

    বুধবার প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর বৃহস্পতিবার থেকেই উত্তর ২৪ পরগনার পানিহাটিতে ভোট প্রচারে নেমে পড়লেন আরজি করের নির্যাতিতা তরুণীর মা। এ দিন নিজের পাড়াতেই কিছুক্ষণের জন্য প্রচার সারেন তিনি। ভোটে জিততে সাধারণ মানুষের আশীর্বাদ প্রার্থনা করেন আরজি করের ধর্ষিতা ও নিহত তরুণী চিকিৎসকের বাবা–মা। এ দিন তৃণমূলের বিরুদ্ধে আক্রমণাত্মক হলেও গত কয়েকদিনের মতো সিপিএমকে নিয়ে অনেকটাই সাবধানী ছিলেন ওই দম্পতি।

    গত সপ্তাহেই সিপিএমের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছিলেন নির্যাতিতার মা–বাবা। এ দিন অবশ্য সরাসরি কোনও আক্রমণে না গিয়ে পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্তকে নিজের সন্তানের সঙ্গে তুলনা করেন বিজেপি প্রার্থী। পরে তাঁদের নাটাগড়ের বাড়িতে এসে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও সিপিএমের বিরুদ্ধে সরাসরি আক্রমণে না গিয়ে তৃণমূলকে হারানোর ক্ষমতা একমাত্র বিজেপিরই আছে এই দাবি তুলে সিপিএমের কাছে ভোট ভাগ না করার আহ্বান জানান।

    বুধবার নির্যাতিতার মা প্রার্থী হওয়ার পরে বিজেপি নেতৃত্বের সঙ্গে কথা বলে বৃহস্পতিবার থেকেই প্রচারে নামার কথা জানিয়েছিলেন। এ দিন সকালেই বাবা–মা দু'জনেই সল্টলেকে বিজেপির রাজ্য অফিসে গিয়ে দলীয় নেতৃত্বের সঙ্গে দেখা করেন। তাঁদের সঙ্গে ছিলেন কলকাতা উত্তর শহরতলি জেলা বিজেপির সভাপতি চণ্ডীচরণ রায়৷ দুপুরে সোদপুর নাটাগড়ের পাঁচকড়ি সাধুখাঁ রোডে একটি অন্নপূর্ণা পুজোতে হাজির হন দু'জনে। পুজো মণ্ডপে উপস্থিত সবাইকে বিজেপির নেতাকর্মীরা বলতে থাকেন, 'আপনারা নিশ্চয় আরজি করের ঘটনা ভুলে যাননি।' মায়ের গলায় ছিল পদ্মফুলের প্রতীক আঁকা গেরুয়া উত্তরীয়৷

    নির্যাতিতার মা বলতে থাকেন, 'মনের কষ্ট মনে আছে। বড় দায়িত্ব নিয়েছি। পানিহাটি পাশে থাকলে মানুষের জয় হবে।' পানিহাটি জুড়ে জমা জল, আবর্জনা, রাস্তাঘাট ও অনুন্নয়নের অভিযোগ তোলেন তাঁরা। মিতা দাস নাম এক প্রৌঢ়া নির্যাততার মাকে জড়িয়ে ধরে বলেন, 'তুমি জয়ী হবে।' সংলগ্ন কয়েকটি বাড়িতে ভোট প্রচার সেরে দুপুরে বাড়ি ঢুকে যান তাঁরা।

    বিকেলে নির্যাতিতার বাড়িতে হাজির হন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দোতলার ঘরে গিয়ে মা-বাবার সঙ্গে দীর্ঘক্ষণ কথা বলেন তিনি। বিজেপি সূত্রে জানা গিয়েছে, ভোট রণকৌশল ঠিক করতে রাজস্থান থেকে বিজেপির এক শীর্ষ নেতা চলে এসেছেন। নির্যাতিতার মা-বাবার সঙ্গে ইতিমধ্যে তাঁর কথা হয়েছে। মহারাষ্ট্র থেকে আরও এক শীর্ষ নেতা আসছেন বলে খবর দলীয় সূত্রে।

    সন্ধ্যায় নির্যাতিতার বাড়ি থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, 'সে দিন নির্যাতিতার দেহের দ্বিতীয়বার ময়নাতদন্তের আগে যে ভাবে তড়িঘড়ি শ্মশানে মরদেহের লাইন ভেঙে পুড়িয়ে দেওয়া হয়েছিল তাতে কলকাতার তৎকালীন পুলিশ কমিশনার, হাসপাতাল সুপার, পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ সকলেই জড়িত। সিবিআই মামলা হাতে নিলেও কলকাতা পুলিশ সমস্ত তথ্যপ্রমাণ নষ্ট করেছিল।' এর পরেই বিরোধী দলনেতা ২০১৯ থেকে পর পর কয়েকটি ভোটের পরিসংখ্যান তুলে ধরে দাবি করেন, তৃণমূলের বি টিম হয়ে কাজ করছে সিপিএম।

    তাঁর কথায়, গত লোকসভা ভোটে দমদম থেকে সিপিএম প্রার্থীর প্রাপ্ত ভোটের কারণেই তৃণমূল হারেনি। এ নিয়ে পানিহাটির সিপিএম প্রার্থী কলতান দাশগুপ্ত বলেন, 'যে বিজেপি হাথরস, উন্নাও-সহ ভিন রাজ্যের নারী নির্যাতনের বিচার দিতে পারেনি, সেই বিজেপি অভয়ারও বিচার দিতে পারবে না। তবে নির্যাতিতার মা আমার প্রশংসা বা কটাক্ষ যাই করুন, তা নিয়ে আমার কোনও বক্তব্য নেই।'

  • Link to this news (এই সময়)