এই সময়, আসানসোল: এ যেন 'একা কুম্ভ'কে রক্ষা করতে হবে 'বুঁদিগড়'। ভোটের ডিউটিতে ডাকা হয়েছে প্রায় সব কর্মীকে। গ্রাহক পরিষেবা মুখ থুবড়ে পড়তে চলেছে পশ্চিম বর্ধমান জেলার চিত্তরঞ্জন ও রূপনারায়ণপুরে স্টেট ব্যাঙ্কের তিনটি শাখায়। চিত্তরঞ্জনে ব্যাঙ্কের প্রধান শাখার ম্যানেজার এবং এক জন কর্মী ছাড়া সবার কাছে ভোটের ডিউটিতে যাওয়ার নির্দেশ এসেছে। চিত্তরঞ্জনেরই লোকো ব্রাঞ্চে দু'জন ক্লারিক্যাল স্টাফের দু'জনকেই ভোটের ডিউটিতে ডাকা হয়েছে। সেখানে ম্যানেজার একাই থাকবেন। আর রূপনারায়ণপুরে স্টেট ব্যাঙ্কের শাখার ন'জন কর্মীর মধ্যে সাত জনকেই ভোটের ডিউটি দেওয়া হয়েছে।
চিত্তরঞ্জন রেলশহরে স্টেট ব্যাঙ্কের দু'টি শাখা এবং রূপনারায়ণপুরের শাখাটি মিলিয়ে তিনটি শাখায় প্রতিদিন অন্তত ৮০০ থেকে এক হাজার গ্রাহক টাকা জমা দিতে বা তুলতে যান। আরও অনেকে যান অন্য কাজে। এ বার নির্বাচন কমিশনের অভিনব নির্দেশে নির্বাচনী কাজের প্রশিক্ষণ এবং ভোটের সময়ে তাঁরা প্রবল অসুবিধায় পড়তে চলেছেন। ব্যাঙ্ক সূত্রে জানা গিয়েছে, আগে কোনও ভোটেই শাখার প্রায় সমস্ত কর্মীকে ডেকে নেওয়া হয়নি। অল্প সংখ্যক কর্মী ভোটের ডিউটি পেলেও অন্যরা অতিরিক্ত পরিশ্রম করে ব্যাঙ্ক সচল রাখতেন। কিন্তু এ বার কমিশনের এমন নির্দেশে পুরো ব্যবস্থাটাই ভেঙে পড়তে চলেছে বলে কর্মীরা মনে করছেন।
স্টেট ব্যাঙ্কের কর্মী সংগঠনের স্থানীয় নেতা প্রবীর মজুমদার বৃহস্পতিবার বলেন, 'কমিশনের নির্দেশের ফলে ভোটের সময়ে পর পর তিন দিন ছাড়াও প্রশিক্ষণ নেওয়ার জন্য একাধিক দিন এই কর্মীরা ব্যাঙ্কে আসতে পারবেন না। গ্রাহকদের পরিষেবা পেতে খুবই অসুবিধা হবে। অনেককে হয়তো ব্যাঙ্কে এসে ফিরে যেতে হবে।' উল্লেখ্য, আগামী ২৩ এপ্রিল ভোট। তার আগের দিনই দায়িত্বপ্রাপ্ত কর্মীদের চলে যেতে হবে ভোটের সরঞ্জাম সংগ্রহের জন্য। ভোটের পরের দিন অর্থাৎ ২৪ এপ্রিলও তাঁদের পক্ষে ব্যাঙ্কের কাজে ফেরা সম্ভব হবে না। সে ক্ষেত্রে তাঁরা কাজে যোগ দেবেন ২৭ এপ্রিল। কারণ, ২৫ এপ্রিল মাসের চতুর্থ শনিবার বলে ব্যাঙ্ক বন্ধ থাকবে এবং ২৬ এপ্রিল রবিবার। তার আগে ২৮ এবং ২৯ মার্চ ভোটের প্রশিক্ষণের জন্য নির্দিষ্ট করেছে কমিশন। সেই দু'দিনও ওই তিনটি শাখায় কাজকর্ম শিকেয় উঠতে চলেছে। এই দু'টি দিনই পড়েছে চলতি আর্থিক বছরের শেষ সপ্তাহে, যে সময়ে ব্যাঙ্কগুলিতে নিজস্ব হিসাবের কাজের চাপ থাকে প্রবল। চিত্তরঞ্জন ও রূপনারায়ণপুরের স্টেট ব্যাঙ্কের তিনটি শাখার ম্যানেজাররা ভেবে পাচ্ছেন না, সেই কাজ কী ভাবে সামলাবেন।