• যুদ্ধের জেরে জ্বালানি সঙ্কট? আবারও কি দেশজুড়ে হবে লকডাউন? মুখ খুললেন কেন্দ্রীয় মন্ত্রী
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • পশ্চিম এশিয়ায় যুদ্ধের (War in West Asia) জেরে দেশে জ্বালানি সরবরাহে টান পড়েছে। অশনি সঙ্কেত দেখছে আমজনতা। তবে শুরু থেকেই ‘চিন্তার কিছু নেই’ বলে আশ্বাস দিয়ে এসেছে কেন্দ্রীয় সরকার (Central Government)। কিন্তু তার পরেও দুশ্চিন্তা কমার লক্ষণ নেই। এর মধ্যে সোমবার সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi) বর্তমান পরিস্থিতিকে কোভিডকালের (Covid 19) সঙ্গে তুলনা করায় তুঙ্গে ওঠে লকডাউন নিয়ে জল্পনা। আবারও লকডাউন (Lockdown) হতে চলেছে এই নিয়ে আতঙ্কে ভুগছে জনতার একাংশ। কিন্তু সমস্ত জল্পনা উড়িয়ে শুক্রবার লকডাউন-এর প্রশ্নে স্পষ্ট উত্তর দিলেন পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ পুরি। তাঁর মতে, ভারতে লকডাউন হবে, এই আশঙ্কা অমূলক।

    ইরান যুদ্ধের জেরে ভারতে নতুন করে লকডাউন জারি হতে পারে—এই ধরনের গুজব সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে কেন্দ্র। এ দিন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিং পুরি (Union Minister Hardeep Puri) স্পষ্টভাবে বলেছেন, ‘ভারতে কোনও লকডাউনের পরিকল্পনা নেই। এমনকী এই বিষয়ে সরকারের কাছে এই ধরনের কোনও প্রস্তাবও বিবেচনাধীনও নেই।’

    একইসঙ্গে সরকারের তরফে পুরী জানিয়েছেন, আন্তর্জাতিক অস্থির পরিস্থিতির উপর নজর রাখছে কেন্দ্র। বিশেষ করে জ্বালানি সরবরাহ, সাপ্লাই চেইন ও প্রয়োজনীয় পণ্য সরবরাহের ওপরই বাড়তি গুরুত্ব দেওয়া হচ্ছে। তবে এসবের সঙ্গে লকডাউন জারির কোনও সম্পর্ক নেই। সাধারণ মানুষকে এই ধরনের গুজবে কান না দিতে এবং ভুয়ো খবর না ছড়ানোর আবেদনও জানানো হয়েছে। কারণ এই ধরনের ভুল তথ্য অযথা আতঙ্ক তৈরি করতে পারে বলে সতর্ক করেছেন কেন্দ্রীয় মন্ত্রী।

    ইরানকে ঘিরে পশ্চিম এশিয়ার অস্থির পরিস্থিতি এবং সম্ভাব্য যুদ্ধের কারণে জ্বালানি সরবরাহ নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে Strait of Hormuz-এ উত্তেজনা বাড়ায় বিশ্বজুড়ে তেলের সরবরাহ ব্যাহত হতে পারে—এমন আশঙ্কা ছড়ায়। এর জেরে বহু মানুষ আতঙ্কিত হয়ে তেল মজুত করতে দু-চাকা ও চার চাকা বাহন নিয়ে পেট্রল পাম্পে লাইন দেন। কেউ আবার হুড়মুড়িয়ে LPG বুকিং ও করতে শুরু করেন। এই পরিস্থিতির জেরে অনেকেই মনে করতে শুরু করেন, কোভিডের সময়ের মতো আবার লকডাউন হতে পারে। সোশ্যাল মিডিয়ায় সেই আশঙ্কা থেকেই গুজব দ্রুত ছড়িয়ে পড়ে। অনেকে বলতে থাকেন, জ্বালানি বাঁচাতে আংশিক লকডাউন করতে পারে কেন্দ্র।

    এই গুজব উড়িয়ে এক্স হ্যান্ডলে কেন্দ্রীয় মন্ত্রী পুরী আশ্বস্ত করেছেন, ভারতের জ্বালানি পরিস্থিতি সম্পূর্ণ নিরাপদ। তিনি বলেন, ‘দেশে জ্বালানি ও জ্বালানির সরবরাহ স্বাভাবিক রাখতে কেন্দ্রীয় সরকার সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। নরেন্দ্র মোদীর নেতৃত্বে সরকার নাগরিকদের জন্য জ্বালানি, শক্তি এবং অন্যান্য প্রয়োজনীয় পণ্যের সরবরাহ নিরবচ্ছিন্ন রাখতে সব ধরনের প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। যে কোনও পরিস্থিতি মোকাবিলার জন্য দেশ সম্পূর্ণ প্রস্তুত।’ এ ছাড়াও তিনি অতীতের কথা মনে করিয়ে উল্লেখ করেছেন, বিশ্বে অনিশ্চয়তার মধ্যে ভারত আগেও দৃঢ় ভাবে তার মোকাবিলা করেছে এবং ভবিষ্যতেও একইভাবে পরিস্থিতির মোকাবিলা করবে।

  • Link to this news (এই সময়)