• হিঙ্গলগঞ্জের কুঁড়ে ঘরে বিজেপি করেন তরফান গাজি
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • এই সময়, হিঙ্গলগঞ্জ: প্রচারে বেরিয়ে সাইকেল চালিয়ে প্রবীণ সংখ্যালঘু বিজেপি কর্মীর বাড়িতে গিয়ে তাঁর শারীরিক অবস্থার খোঁজ নিলেন বিজেপি প্রার্থী রেখা পাত্র। বুধবার সন্দেশখালির প্রতিবাদী মুখ রেখা সাইকেল নিয়ে পৌঁছে যান বোলতলার বাসিন্দা ৮০ ছুঁই ছুঁই তরফান গাজির বাড়িতে।

    ১৯৮৮ সালে দু'টাকা দিয়ে বিজেপির সদস্যপদ নেন তরফান। রাজ্যের প্রায় সব জেলাতেই সক্রিয় ভাবে সংগঠনের কাজ করেছেন তিনি। অকৃতদার বৃদ্ধ এক চিলতে দরমার বেড়ার ঘরে দিন কাটান। বাড়িতে নেই বিদ্যুৎ সংযোগ, নেই রান্নার গ্যাসের ব্যবস্থাও। এ দিন রেখা নিজেই সাইকেল চালিয়ে তাঁর বাড়িতে পৌঁছে যান। প্রার্থীকে সামনে দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তরফান গাজি।

    তিনি বলেন, প্রার্থী হিসেবে রেখা পাত্র তাঁর অত্যন্ত পছন্দের। তাঁর আশা, বিজেপি এ বার হিঙ্গলগঞ্জ থেকে জয়ী হবে। তবে দলের প্রয়োজনে এখনও তিনি দলীয় পতাকা কাঁধে নিতে প্রস্তুত। রেখা পাত্র বলেন, 'উনি সংখ্যলঘু পরিবারের সদস্য হয়েও এত বছর ধরে ভারতীয় জনতা পার্টির সঙ্গে কাজ করে চলেছেন। তার জন্য ওঁকে কুর্নিশ জানাই। ওঁর একটাই আশা, বিজেপি রাজ্যে ক্ষমতায় আসবে।'

  • Link to this news (এই সময়)