• রেফারির বাঁশি মুখে নিয়ে ভোট ময়দানে প্রতীক
    এই সময় | ২৭ মার্চ ২০২৬
  • অর্ঘ্য বন্দ্যোপাধ্যায়

    আসন্ন বিধানসভা ভোটে দাঁড়িয়েছেন ফুটবলার, ক্রিকেটার, অ্যাথলিট। এ বার সেই তালিকায় যোগ দিলেন রেফারিও। কলকাতা ময়দানে বহু ম্যাচ খেলানো রেফারি প্রতীক মণ্ডল প্রার্থী হলেন মিনাখাঁ থেকে। আইএসএফের হয়ে ভোটে দাঁড়িয়েছেন আইএসএলে ম্যাচ খেলানো প্রতীক। তাঁকে মূলত লড়তে হবে তৃণমূলের উষারানি মণ্ডল এবং বিজেপি-র প্রার্থী রুদ্রেন্দ্র পাত্রর বিরুদ্ধে বাঁশি মুখে রেফারিং করার পাশাপাশি অনেক বছর ধরেই নানা সামাজিক কাজ করে চলেছেন প্রতীক। সেখান থেকেই রাজনীতিতে আসা। বললেন, 'দিন ১৫ আগে অফার আসে আইএসএফের পক্ষ থেকে। নওশাদ সিদ্দিকিকে খুব পছন্দ করি। ওঁর দলের আদর্শ এবং কথাবার্তা ভালো লাগে। তাঁদের কাছ থেকে প্রার্থী হওয়ার অনুরোধ আসায় আমি না করিনি।'

    মাঠে ফুটবলারদের সামলানো এক রকম। আবার ভোটের ময়দান এক রকম। প্রতীকের কথায়, 'যখন ম্যাচ খেলাই, তখন আমার পকেটে দুটো কার্ড থাকে। লাল আর হলুদ। মুখে থাকে বাঁশি। ম্যাচটাকে আমি নিয়ন্ত্রণ করতে পারি। কিন্তু ভোটের ময়দান সম্পূর্ণ আলাদা। এখানে আমার মুখে বাঁশি নেই। এখানে মানুষই আমার শক্তি।' প্রতীকের দাবি, মিনাখাঁয় আগে সুস্থ এবং স্বাভাবিক পরিবেশ ছিল। এখন তা নেই। তিনি বলেন, 'সুস্থ পরিবেশ এখানে হারিয়ে গিয়েছে অনেকটাই। সবার আগে সেই পরিবেশ ফিরিয়ে আনতে হবে। সুস্থ এবং গণতান্ত্রিক রাজনীতি আশা করব সবার কাছ থেকেই।' বৃহস্পতিবার সরাসরি প্রচার শুরু না করলেও বিভিন্ন এলাকায় গিয়ে মানুষের সঙ্গে পরিচয় পর্ব সেরেছেন প্রতীক। আজ, শুক্রবার থেকে জোরালো প্রচার শুরু করার পরিকল্পনা রয়েছে। তিনি যেহেতু ফুটবলের লোক, তাঁর প্রচারে কি ফুটবলারদের দেখা যাবে? প্রতীক হেসে বললেন, 'চেষ্টা করব কয়েকজনকে আনার। কথা বলে দেখি।'

    ২০১৮ সাল থেকে রেফারিং করালেও ডার্বি ম্যাচ এখনও খেলাননি প্রতীক। বললেন, 'বাঙালি বলে এই ম্যাচে সুযোগ হয় না। কারণ, নিরপেক্ষতার প্রশ্ন থাকে। তবে আইএসএলে এ বারও ম্যাচ খেলাচ্ছি।' জিতে গেলে কি রেফারিং ছেড়ে দেবেন? তার উত্তর অবশ্য ভবিষ্যৎ দেবে। আপাতত, অদৃশ্য বাঁশি মুখে ভোটের ময়দানে ছুটে বেড়াবেন রেফারি প্রতীক।

  • Link to this news (এই সময়)