ডিজে বক্স বাজিয়ে নাচানাচিকে কেন্দ্র করে বচসা, পরে হাতাহাতি। তার জেরে মৃত্যু হলো এক ব্যক্তির। হাওড়ার পাঁচলা থানার সাহাপুর গ্রাম পঞ্চায়েতের খাঁ পাড়ার ঘটনা। পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃতের নাম ফারুক শেখ (৩৮)। তাঁর বাড়ি খাঁ পাড়াতেই। ঘটনায় তদন্তে নেমে তিন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, পুরোনো বিবাদকে কেন্দ্র করে নতুন ঝামেলা বাধে দুই পক্ষের। বৃহস্পতিবার সন্ধ্যায় ফারুকের পরিবারের কয়েকজন মসজিদ থেকে নমাজ পড়ে বাড়ি ফিরছিলেন। সেই সময়ে ডিজে বাজিয়ে রাস্তায় নাচানাচি করছিল এক দল যুবক-যুবতী। ফারুকদের সঙ্গে তাঁদের ঝামেলা হয়। দুই পক্ষের হাতাহাতি শুরু হয়ে যায়।
অভিযোগ, ফারুকের পরিবারের লোকজনের উপর কয়েকজন ঝাঁপিয়ে পড়ে তাঁদের মারধর করতে শুরু করেন। তাঁদের বাঁচাতে গেলে বেধড়ক মারধর করা হয় ফারুককে। গুরুতর জখম হন তিনি। তাঁকে দ্রুত উলুবেড়িয়া মেডিক্যাল কলেজ ও হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।
পাঁচলা থানার পুলিশ খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু করেছে। হাওড়া গ্রামীণ জেলা পুলিশের এক কর্তা বলেন ইতিমধ্যে তিন মহিলাকে গ্রেপ্তার করা হয়েছে। আরও অভিযুক্তদের ধরার চেষ্টা করা হচ্ছে। তাঁদের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করে তদন্ত শুরু হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ঘটনার সূত্রপাত সোমবার। ওই দিন থেকে ওই এলাকায় নিয়মিত জোরে গান বাজিয়ে জলসা হচ্ছিল। এলাকার কিছু মানুষ আপত্তি তোলেন। যাঁরা আপত্তি করেছিলেন তাদের মধ্যে নিহতও ফারুকও ছিলেন। ফারুকের পরিবারের অভিযোগ, সোমবারের পর থেকে কয়েকদিন ধরে ফারুকদেরকে লক্ষ্য করে কটূক্তি করা হচ্ছিল। বৃহস্পতিবার সন্ধ্যাবলায় ফারুকরা নমাজ পড়ে বাড়ি ফেরার সময়ে গোলমাল বাধে। ফারুক ও আরও কয়েকজনকে বেধড়ক মারধর করা হয়। তাতেই মৃত্যু হয় ফারুকের।